সৌরভই বদলে দিয়েছেন আমাদের ড্রেসিংরুম: মহারাজ

এসএ২০
সৌরভ গাঙ্গুলি, ফাইল ফটো
সৌরভ গাঙ্গুলি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-এর গত মৌসুমে রানার্সআপ হয়েছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। সেই সাফল্যের পেছনে প্রধান কোচ সৌরভ গাঙ্গুলীর অবদান ছিল সবচেয়ে বড় বলে মনে করেন দলটির অধিনায়ক কেশব মহারাজ। তার মতে, সৌরভের গড়ে দেওয়া ইতিবাচক দলীয় সংস্কৃতিই দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করেছে।

২০২৫-২৬ মৌসুমে লিগ পর্বে ১০ ম্যাচে ৫ জয় ও ৪ হারে দ্বিতীয় স্থান নিয়ে শেষ করে প্রিটোরিয়া। এরপর কোয়ালিফায়ার-১ জিতে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি তারা। তবে পুরো মৌসুমজুড়ে দলের পরিবেশ নিয়েই সবচেয়ে বেশি সন্তুষ্ট মহারাজ।

মহারাজ বলেন, 'এ ধরনের টুর্নামেন্টে ভালো দলীয় সংস্কৃতি গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ। সৌরভ এ কাজটা অসাধারণভাবে করেছে। আমাদের অনেকেই দলের লক্ষ্যকে নিজেদের লক্ষ্য হিসেবে নিয়েছিল। ম্যাচ না থাকলে আমরা একসঙ্গে ডিনার করতাম, টিম রুমে বসে অন্য ম্যাচ দেখতাম, ক্রিকেট নিয়ে আলোচনা করতাম।'

তিনি আরও বলেন, 'পুরো ক্যাম্পে দারুণ এক উদ্দীপনা ও ইতিবাচক পরিবেশ ছিল। এমন একটি দলের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। প্রথম মৌসুমেই এত সুন্দর একটি ভিত্তি তৈরি করতে পারাটা রোমাঞ্চকর ছিল। আশা করি ভবিষ্যতেও এই সংস্কৃতি ধরে রাখতে পারব।'

নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই গতবারের ফাইনালের প্রতিপক্ষ সানরাইজার্স ইস্টার্ন কেপের মুখোমুখি হবে প্রিটোরিয়া। সেই ম্যাচকে প্রতিশোধের সুযোগ হিসেবে না দেখে ভালো সূচনার সুযোগ হিসেবেই দেখছেন মহারাজ।

তিনি বলেন, 'সমর্থকরা হয়তো এটিকে প্রতিশোধের ম্যাচ বলবে। তবে আমাদের লক্ষ্য শুধু মৌসুমটা ভালোভাবে শুরু করা। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে পারলে সেটি নতুন মৌসুমের জন্য দারুণ একটি বার্তা হবে।'

ডারবানস সুপার জায়ান্টস ছেড়ে গত মৌসুমের আগে প্রিটোরিয়ায় যোগ দেওয়া মহারাজ বল হাতে ছিলেন দলের অন্যতম ভরসা। ১২ ম্যাচে ১২ উইকেট নেওয়া এই স্পিনার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সমর্থকদের ভূয়সী প্রশংসাও করেছেন।

মহারাজ বলেন, 'প্রিটোরিয়ায় আসার পর দর্শকদের সমর্থন দেখার জন্য মুখিয়ে ছিলাম। তারা আমার প্রত্যাশার চেয়েও বেশি দিয়েছে। ভালো-খারাপ সব সময়েই সেঞ্চুরিয়নের দর্শকরা আমাদের পাশে ছিল। এমন সমর্থনই আমাদের ফাইনালে ওঠার অনুপ্রেরণা জুগিয়েছে।'

আগামী এসএ২০ মৌসুমে ২০২৭ সালের ১৭ জানুয়ারি গকেবেরহার সেন্ট জর্জস পার্কে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে প্রিটোরিয়া ক্যাপিটালস। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি কেপ টাউনের নিউল্যান্ডসে।

আরো পড়ুন: