সাকিবের জাফনার মালিকানায় পরিবর্তন, দায়িত্বে আইপিজি ও এসএলসি

এলপিএল
সাকিবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া
সাকিবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কদিন আগেই জাফনা কিংসের সহ-মালিক মানজোত কালরাকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশ। এবার নির্ধারিত সময়ের মধ্যে ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের পারিশ্রমিক পরিশোধ করতে না পারায় ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) বাকি অংশে জাফনার মালিকানায় থাকবে ‘ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ (আইপিজি) এবং শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিজি গ্রুপ।

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনার সহ-মালিক হিসেবে আছেন মানজোত। টুর্নামেন্ট শুরুর দশদিন আগে শ্রীলঙ্কার এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন তিনি। প্রস্তাব পাওয়ার পরই শ্রীলঙ্কার পুলিশকে জানান ওই ক্রিকেটার। যার ভিত্তিতে কলম্বোর একটি হোটেল থেকে মানজোতকে গ্রেপ্তার করে কলম্বো পুলিশ। পরবর্তীতে জাফনার সহ-মালিককে কলম্বোর একটি আদালতে তোলা হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এলপিএলের ম্যাচগুলোতে ফিক্সিংয়ের জন্য শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপাকশে, দুনিথ ওয়েলালাগে এবং আভিস্কা ফার্নান্দোকে ৩০ হাজার মার্কিন ডলারের বেশি অর্থের প্রস্তাব দিয়েছিলেন মানজোত। শ্রীলঙ্কার তিন ক্রিকেটার জানিয়েছেন, প্রমাণ হিসেবে তাদের কাছে কথোপকথন ও ভিডিও রয়েছে। এমন প্রমাণের ভিত্তিতেই ৩১ জুলাই পর্যন্ত মানজোতকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

যদিও মানজোতের আইনজীবী এমন অভিযোগ অস্বীকার করেছেন। তদন্ত চলমান থাকায় ৩১ জুলাই পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মানজোতকে পুলিশ হেফাজতে নেওয়ায় ক্রিকেটারদের, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের পারিশ্রমিক পরিশোধ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় থাকা ‘স্পোর্টস কমিউন’। প্রতিবাদ হিসেবে গত ম্যাচে ক্রিকেটাররা স্পন্সরদের লোগো ঢেকে মাঠে নেমেছিলেন।

এমন পরিস্থিতিতে তাদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কেড়ে নিয়েছে এলপিএলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আইপিজি ও এসএলসি। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজি চুক্তির শর্তানুযায়ী আর্থিক দায়বদ্ধতা পূরণে ব্যর্থ হওয়ায় তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। এর ফলে জাফনা কিংস ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত সবকিছু আইপিজির হাতে ফিরে এসেছে এবং তারা শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে যৌথভাবে দলটির পরিচালনার দায়িত্ব নিয়েছে।’

ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নেওয়ার পরই জরুরি তহবিল ব্যবহার করে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের প্রায় শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে আইপিজি ও এসএলসি। পাশাপাশি বাকি অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের আশ্বাস দিয়েছে তারা। মালিকানায় পরিবর্তন এলেও টুর্নামেন্টে কোনো ধরনের ব্যঘাত ঘটবে না বলে জানিয়েছেন আইপিজি। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৩ জুলাই গল গ্যালান্টসের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের জাফনা।

আরো পড়ুন: