আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ট্রেডে দিল্লিতে ফিরলেন পান্ত

আইপিএল
ঋষভ পান্ত, ফাইল ফটো
ঋষভ পান্ত, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লক্ষ্মৌ সুপার জায়ান্টস আর ঋষভ পান্তের সম্পর্কের ইতি ঘটার গুঞ্জন চলছিল এবারের আইপিএল চলার সময়ই। পান্তের অধিনায়কত্ব ছাড়া কিংবা তাকে সরিয়ে দেয়ার ঘটনায় সেই গুঞ্জন আরো প্রবল হয়। এবারে গুঞ্জনকে সত্যি করে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে দলে যোগ দিলেও মাত্র দুই মৌসুম পরই ফ্র্যাঞ্চাইজিটি ছাড়ছেন পান্ত। আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড় ট্রেডের অংশ হিসেবে নিজের পুরোনো দল দিল্লি ক্যাপিটালসে ফিরছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ইতিহাসের সবচেয়ে বড় এই ট্রেডের অংশ হিসেবে পান্তের নতুন পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১৫ কোটি রুপি। ফলে লক্ষ্মৌতে পাওয়া রেকর্ড ২৭ কোটি রুপির চুক্তি থেকে প্রায় ৪৪ শতাংশ বেতন কমিয়েই দিল্লিতে ফিরছেন তিনি। লক্ষ্মৌর হয়ে দুই মৌসুমই হতাশাজনক কেটেছে পান্তের।

তার নেতৃত্বে দল ২০২৫ ও ২০২৬ দুই মৌসুমেই প্লে-অফে উঠতে ব্যর্থ হয়। ব্যক্তিগত পারফরম্যান্সও প্রত্যাশার ধারেকাছে ছিল না। ২০২৫ মৌসুমে ১৩ ইনিংসে মাত্র ২৬৯ রান করেন তিনি, যা তার আইপিএল ক্যারিয়ারের অন্যতম বাজে মৌসুম। ২০২৬ সালেও ৩১২ রানের বেশি করতে পারেননি।

দিল্লি্র সাথে পান্তের সম্পর্ক বেশ পুরোনো। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা নয় মৌসুমে তিনি দলটির হয়ে খেলেছেন। এই সময়ে ১১১ ম্যাচে মাঠে নেমে তিনি ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারে পরিণত হন। শুধু ব্যাটার হিসেবেই নয়, দলের অন্যতম আইকন হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চার মৌসুমে ৪৩ ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের হয়ে সফল পাঁচ মৌসুম কাটানোর পর এই ট্রেড হয়ে লক্ষ্মৌ সুপার জায়ান্টসে যোগ দিচ্ছেন কুলদীপ যাদব। ১৩.৫ কোটি রুপির একই চুক্তিতে তিনি নতুন দলে নাম লেখাচ্ছেন। দিল্লির হয়ে ২০২২ সাল থেকে ৬৫ ম্যাচে ৭২ উইকেট নেওয়া কুলদীপ গত মৌসুমে কিছুটা ছন্দহীন ছিলেন। ১২ ম্যাচে তার শিকার ছিল ১০ উইকেট। ২০১৬ সালে আইপিএল অভিষেকের পর কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা কুলদীপের জন্য লক্ষ্ণৌ হবে তৃতীয় ফ্র্যাঞ্চাইজি।

আরো পড়ুন: