ম্যাচ হেরে আম্পায়ারদের দিকে আঙুল তুলল কলকাতা

আইপিএল
ফিন অ্যালেনকে আউট করে প্রিন্স যাদবের উদযাপন
ফিন অ্যালেনকে আউট করে প্রিন্স যাদবের উদযাপন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিততে হলে ২৪ বলে ৫৪ রান করতে হতো লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। সাত নম্বরে নামা মুকুল চৌধুরির ৭ ছক্কার ঝড়ে অবিশ্বাস্য জয় পেয়েছে লক্ষ্ণৌ। ওমন ইনিংসে সবটা আলো নিজের করে নিয়েছেন মুকুল। ২১ বছর বয়সী ভারতীয় ব্যাটারকে নিয়ে আলোচনাটা স্বাভাবিকও বটে। তবে ম্যাচ শেষে আলোচনা হলো আরো একটি বিষয় নিয়ে। শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে ফিন অ্যালেনকে দেওয়া ক্যাচ আউটে আম্পায়ারের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন রভম্যান পাওয়েল। আম্পায়ারের ভুল দাবি করে ক্ষোভও প্রকাশ করছেন কলকাতার এই ব্যাটার।

মোহাম্মদ শামির বিপক্ষে বল ব্যাটেই লাগাতে পারছিলেন না অ্যালেন। প্রিন্স যাদবের ক্ষেত্রেও ছিলেন না স্বস্তিতে। যদিও ইনসাইড এজে ডানহাতি পেসারের টানা দুই বলে দুইটি চার মেরেছিলেন তিনি। প্রিন্সের লেংথ ডেলিভারিতে বড় শট খেলতে চেয়েছিলেন অ্যালেন। তবে টপ এজ হয়ে ক্যাচ দিয়েছেন থার্ডম্যানে। একেবারে সীমানা ঘেঁষে দাঁড়িয়ে থাকা দিগ্বেশ রাঠি চতুরতার সাথে ক্যাচ নিয়েছেন।

বাউন্ডারির খুব কাছে দাঁড়িয়ে ক্যাচ নেওয়ায় প্রশ্ন উঠেছে রাঠি কুশন স্পর্শ করেছেন কিনা। টিভি আম্পায়ার অবশ্য তখনই অ্যালেনকে আউটের সিদ্ধান্ত দেন। তবে ম্যাচ শেষে সেই আউট নিয়ে প্রশ্ন তুলেছেন পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের মনে করেন, সিদ্ধান্ত নেওয়ার আগে আরও অনেক কিছু দেখা উচিত ছিল। আম্পায়ার যে ভুল সিদ্ধান্ত দিয়েছে সেটাও জানিয়েছেন তিনি। তবে সেই ভুলের জন্যই ম্যাচ হেরেছেন এমনটা বলতে নারাজ ডানহাতি এই ব্যাটার।

সংবাদ সম্মেলনে পাওয়েল বলেন, ‘নিশ্চিতভাবেই আরও কিছু দিক থেকে বিষয়টা দেখা উচিত ছিল। সে (অ্যালেন) যখন মাঠ থেকে বের হচ্ছিল, তখনই আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা ভেবেছিলাম, আইপিএলে আমরা দেখেছি আম্পায়াররা এর চেয়েও কম গুরুত্বপূর্ণ এবং এর চেয়ে কম কাছাকাছি পরিস্থিতিতেও থার্ড আম্পায়ারের কাছে গেছেন। হয়তো এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু আমরা এটা ধরে বসে থাকতে চাই না যে আজকের ম্যাচে দুই পয়েন্ট হারানোর কারণ সেটাই।’

আইপিএলের চলতি আসরের শুরুটা ভালো হয়নি কলকাতার। এখনো পর্যন্ত চার ম্যাচের তিনটিতে হেরেছে তারা। পাঞ্জাবের কিংসের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। এখনো পর্যন্ত জয়ের দেখা না পাওয়ায় হতাশ পাওয়েল। ইডেন গার্ডেন্সকে দুর্গ বানাতে চাইলেও সেটা করতে পারেননি তারা।

পাওয়েল বলেন, ‘এটা(ঘরের মাঠে টানা হার) খুবই হতাশাজনক। আমরা চাই কলকাতাকে ইডেন গার্ডেন্সকে আমাদের দুর্গ বানাতে। এটা আমাদের ঘরের মাঠ, যেখানে আমাদের সমর্থকেরা আমাদের পাশে থাকে। তাই ঘরের মাঠে জিততে সবসময়ই ভালো লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত, এই ম্যাচে আমরা সেটা করতে পারিনি।’

আরো পড়ুন: