আইপিএলের মাঝপথে নিয়ম কঠিন করল বিসিসিআই

আইপিএল
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠের শৃঙ্খলা আরও কঠোর করতে নতুন নিয়ম চালু করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এখন থেকে ম্যাচ চলাকালে নির্দিষ্ট সংখ্যার বাইরে কোনো ক্রিকেটার মাঠের আশপাশে থাকতে পারবেন না। এর ফলে মাঠের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

নতুন নিয়ম অনুযায়ী, একটি ম্যাচে সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটারই মাঠের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। এর মধ্যে থাকবেন প্রথম একাদশের ১১ জন এবং অতিরিক্ত পাঁচ জন ক্রিকেটার, যাদের মধ্য থেকেই ইমপ্যাক্ট প্লেয়ার বেছে নেয়া হবে। এই তালিকার বাইরে কেউ ডাগআউটের বাইরে যেতে পারবেন না।

আগে ম্যাচ চলাকালে একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের মাঠের ধারে ঘোরাফেরা করতে দেখা যেত। পানি দেয়া, বার্তা পৌঁছে দেয়া বা অন্য কাজে অনেকেই মাঠে ঢুকতেন। এবার থেকে এই সুযোগ আর থাকছে না, এমনটাই বলা হয়েছে নতুন নির্দেশনায়।

এছাড়া, তালিকার বাইরে থাকা ক্রিকেটাররা সীমানা রেখা ও বিজ্ঞাপন বোর্ডের মাঝের অংশেও থাকতে পারবেন না। ফলে মাঠের আশপাশে অপ্রয়োজনীয় ভিড় কমবে এবং খেলার পরিবেশ আরও সুশৃঙ্খল থাকবে।

সাধারণত একটি দলে প্রায় ২৫ জন ক্রিকেটার থাকলেও, প্রতিটি ম্যাচের জন্য এই ১৬ জনকেই বেছে নিতে হয়। প্রথম একাদশের বাইরে থাকা পাঁচ জনের মধ্য থেকেই প্রয়োজন অনুযায়ী ইমপ্যাক্ট প্লেয়ার বা বদলি নামানো যাবে। একাদশের কোনো ক্রিকেটার মাঠ ছাড়লে এই পাঁচ জনের যেকোনো একজন তার জায়গায় মাঠে নামতে পারবেন।

এই নতুন নিয়ম ইতিমধ্যেই সব দলকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। সব ম্যাচেই এই নিয়ম কার্যকর হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আরো পড়ুন: