পান্তকে ওপেনিংয়ে থেকে যেতে ‘হাতজোড়’ করে অনুরোধ অশ্বিনের

আইপিএল
ঋষভ পান্ত ও রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো
ঋষভ পান্ত ও রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রেকর্ড পারিশ্রমিকে গত বছর লক্ষ্মৌ সুপার জায়ান্টসে যোগ দেন ঋষভ পান্ত। সেবার গড়পরতা এক আসর কাটানোর পর এ বছর পান্তের ওপর প্রত্যাশার চাপ আরো বেশি। কিন্তু নতুন মৌসুমের প্রথম ম্যাচে গত আসরের মত আরো একবার হতাশ করেছেন লক্ষ্মৌর অধিনায়ক। নিজেকে ওপেনিংয়ে তুলে এনে বাড়তি দায়িত্ব নিতে চাইলেও সফল হতে পারেননি। এরপরেও দল ও নিজের জন্য পান্তকে ওপেনিংয়েই থেকে যাবার অনুরোধ সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের।

২৭ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস ছেড়ে লক্ষ্মৌতে যোগ দেবার পর গত আসরে ১৩ ইনিংসে ২৪.৪৫ গড়ে ২৬৯ রান এসেছিলো পান্তের ব্যাট থেকে। দলও টুর্নামেন্ট শেষ করে সাত নম্বরে থেকে। নতুন মৌসুমে তাই সব নতুন করেই শুরু করতে চাইলেন এই উইকেটরক্ষক ব্যাটার। গত বছর দল ব্যর্থ হলেও মোটাদাগে সফল ছিলেন দুই ওপেনার মিচেল মার্শ ও এইডেন মার্করাম। কিন্তু নতুন মৌসুমের প্রথম ম্যাচে মার্করামকে তিন নম্বরে ঠেলে ওপেনিংয়ে উঠে আসেন পান্ত।

‎যদিও নতুন এই পরিকল্পনা সফল হয়নি পান্ত ও লক্ষ্মৌর জন্য। নয় বল খেলে সাত রান করে রান আউট হন পান্ত। শুরুতেই উইকেট হারানো লক্ষ্মৌর ইনিংস আর গতি পায়নি। ১৮.৪ ওভারে মাত্র ১৪১ রানেই অলআউট হয় তারা। দিল্লির বিপক্ষে ম্যাচ হারতে হয় ছয় উইকেটে। পান্তের নতুন এই পরিকল্পনা প্রথম ম্যাচে রান আউটের কারণে থেমে যাওয়ায় বেশ হতাশ অশ্বিন। পরের ম্যাচ গুলোতেও 'ওপেনার পান্ত'-এর ওপর ভরসা রাখার অনুরোধ করেন লক্ষ্মৌ ম্যানেজমেন্টের কাছে।

‎নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 'পান্ত যেভাবে আউট হয়েছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক ছিল, আর ম্যাচের পর সে যেভাবে কথা বলেছে, সেটাও আরও দুর্ভাগ্যজনক। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সে কি ওপেন করবে, সে বলেছে ৫০-৫০। আমি হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে প্রতি ম্যাচেই ওপেন করো।'

'জাস্টিন ল্যাঙ্গার কিংবা লক্ষ্মৌর যেই ম্যানেজমেন্টে থাকুক, তাদের উচিত পান্তকে বলে দেয়া সে যেন পাওয়ার প্লে'তে নেমে নির্ভয়ে খেলে। সে যেন পুরো ১৪টি ম্যাচই ওপেনার হিসেবে খেলে।'

‎ওপেনিং পজিশন অবশ্য পান্তের জন্য নতুন কিছু নয়। এর আগে ২৩ টি স্বীকৃত টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে খেলেছেন এই ব্যাটার। সেখানে একটি সেঞ্চুরির সাথে আছে পাঁচটি ফিফটিও। এবারে আইপিএলে সফল হবার চাপের সাথে আছে জাতীয় দলে ফেরার বিষয়টিও।

দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটের দলের বাইরে থাকা পান্তের জন্য এবারের আইপিএলে দারুণ কিছু করাটা অপরিহার্য হয়ে উঠেছে। পুরো মৌসুম জুড়ে পান্ত ওপেনিংয়ে থেকে গেলেই সফল হবার সেই সম্ভাবনা বাড়বে বলে বিশ্বাস অশ্বিনের।

অশ্বিন যোগ করেন, 'যদি সে পাওয়ার প্লে'র পরে ব্যাট করতে আসে, তাহলে বোলারদের কাছে তাকে আটকানোর নির্দিষ্ট পরিকল্পনা থাকে। তাই আমার মনে হয়, নিজের জন্য এবং লক্ষ্মৌ দলের জন্যও তার ওপেন করা উচিত।'

আরো পড়ুন: