কদিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে বাজিমাত করেছেন হাসান। ডারউইন টেস্টের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৬ উইকেট। পুরো ম্যাচে ৯ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরাও। এমন পারফরম্যান্সের পর ওরচেস্টাশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে কাউন্টি ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের পেসার। ফেরার ম্যাচটা দারুণভাবে রাঙিয়েছেন তিনি। প্রথম ইনিংসের শেষ বিকেলে কেন্টকে উইকেট এনে দিয়েছিলেন হাসান।
অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে জেইক লিবিকে বোল্ড করেন তিনি। পরের বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রেহান এদাভালাথকে। দ্বিতীয় দিনেও দুর্দান্ত ছিলেন ডানহাতি এই পেসার। হাসানের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়েছেন ম্যাথু ওয়েট। ২৯ বলে ১৫ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই ব্যাটার।
শেষ ব্যাটার হিসেবে অ্যাডাম ফিঞ্চকে ফেরান বাংলাদেশের তারকা পেসার। দুর্দান্ত ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন হাসান। ৬৮ রানে ৪ উইকেট নিয়ে কেন্টের সেরা বোলারও তিনিই। হাসানের পাশাপাশি কেন্টের হয়ে ম্যাট মিলনেস তিনটি ও কেইথ ডডজিওন নিয়েছেন দুইটি উইকেট।
হাসানের ওমন বোলিংয়েই প্রথম ইনিংসে ২৩৮ রানে অল আউট হওয়ার পরও লিড পেয়েছে কেন্ট। ওরচেস্টারশায়ারের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেছেন ড্যানিয়েল লেটগান। এ ছাড়া অ্যাডাম হুস পঞ্চাশ রান করেছেন। বাকিদের মধ্যে কেউই আর ২০ রান ছুঁতে পারেননি। কেন্টের চেয়ে ২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে ওরচেস্টারশায়ার।