ভালো বোলিংয়ের কারণেই ১৮ উইকেট পড়েছে, দাবি স্টার্কের

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
মিচেল স্টার্ক
মিচেল স্টার্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ডারউইন টেস্টটা মোটেও ভালো যায়নি মিচেল স্টার্কের। দুই ইনিংসে ৩০ ওভার বল করে নিয়েছিলেন মোটে দুই উইকেট। সেই ম্যাচে ঐতিহাসিক হারের পর অজিরা প্রবল প্রতাপে ফেরার চেষ্টা করবে সেটি জানাই ছিল। স্টার্ক সেই দায়িত্ব নিয়েছেন দ্বিতীয় টেস্টের প্রথম বল থেকেই। দুর্দান্ত এক ডেলিভারিতে সাদমান ইসলামের উইকেট নিয়ে পুরো ম্যাচের ছন্দ ঠিক করে দেন স্টার্ক। এরপর ৬ উইকেট শিকার করে বাংলাদেশকে ৬৪ রানেই গুড়িয়ে দেবার পথে নেতৃত্ব দেন এই পেসার।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার অ্যারেনায় দ্বিতীয় টেস্টের প্রথম সকালের পিচ এবং কন্ডিশন দুটোরই যথাযথ ব্যাবহার করেছে অজিরা। এরপর বোলিংয়ে নেমে ম্যাকাইয়ের পিচের ফায়দা তুলেছে বাংলাদেশের পেসাররাও। ছেলেদের প্রথম টেস্ট আয়োজন করে ম্যাকাই প্রথম দিনেই সাক্ষী হয়েছে ১৮ উইকেট পতনের। তবে, ১৮ উইকেট পড়েছে বলেই ম্যাকাইয়ের উইকেটকে খারাপ বলে রায় দিতে চান না এই পেসার।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে স্টার্ক বলেন, 'মানুষ হয়তো ভাববে ১৮ উইকেট মানেই খারাপ উইকেট। তবে আমার মতে প্রথম দিনের হিসেবে এটা বেশ ভালো উইকেট ছিল। এটা অনেকটা গ্যাবার (ব্রিসবেন) উইকেটের মতোই আচরণ করেছে। প্রথম দিনে গাব্বায় যেমনটা টেনিস বলের মতো একটু বাড়তি বাউন্স দেখা যায়, আজকেও ঠিক তেমনই ছিল।'

স্টার্ক যোগ করেন, 'আজকে দিনের শেষের দিকে বা আগামীকাল আশা করছি এটা আরও কিছুটা দ্রুত হবে। বলের শক্ত ভাবটা কিছুটা কমে গেলে সোজা ব্যাটে খেলা সহজ হয়, তবে আজ বল সারা দিনই সুইং করেছে। আজকের ক্রিকেটটা বেশ এলোমেলো মনে হলেও, আমি বলব উইকেটের চেয়ে ভালো বোলিংয়ের কারণেই ১৮টি উইকেট পড়েছে।'

প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্টার্কদের হতাশায় পুড়িয়ে ১৩৮ ওভার ব্যাট করে ৪২৬ রান করে বাংলাদেশ। সেই টেস্টে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলেও ম্যাকাইয়ে এসে নিজেদের পরিকল্পনা কাজে লাগায় সাফল্য পেয়েছেন বলে মনে করেন স্টার্ক।

এ প্রসঙ্গে স্টার্ক বলেন, ' আমরা ড্রাইভে রান দিতে রাজি ছিলাম কারণ ব্যাটাররা ধৈর্য ধরে খেলছিল, তবে উইকেটের সাহায্যের কারণে বল ফুল লেংথে ফেলে সুইং করাতে পারলে স্টাম্প ও ব্যাটের কানায় বল লাগার সুযোগ বেশি ছিল। শেষ পর্যন্ত কাজটা সফল হয়েছে। গত সপ্তাহের থেকে খুব বেশি পরিবর্তন আমাদের করতে হয়নি। তারা ধৈর্য ধরে খেলবে এবং বাইরের বল ছাড়বে—এটা জানা কথা ছিল। তবে আজকের উইকেটে গত সপ্তাহের চেয়ে বেশি সাহায্য ছিল, আমরা কিছু ক্যাচ ধরেছি এবং উইকেট তুলে নিয়েছি।'

স্টার্ক যোগ করেন,'আমরা দিনের শেষ দুই ওভারেও বল সুইং করতে দেখেছি। সুতরাং, বল যখন সোজা না গিয়ে মুভ করে, তখন ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়। এখন মুরগি আগে না ডিম আগে—সেটা ভালো বোলিংয়ের কারণে নাকি ক্যান্ডিশনের জন্য, তা বলা কঠিন।'

প্রথম ইনিংসে বাংলাদেশের ৬৪ রানের জবাবে ১৬৫ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে অজিরা। তাই ১০১ রানের লিড নিলেও এখনো এই টেস্টের গতিপথ বুঝতে আরও খানিকটা সময় লাগবে বলে মনে করেন স্টার্ক।

স্টার্ক বলেন, 'আমাদের এখনো ব্যাটিং বাকি আছে! এটি তো কেবল প্রথম ইনিংস। খেলায় এখনো অনেক পথ বাকি। বাংলাদেশ প্রথম ইনিংসে ৬৪ এবং ১০১ রানের লিড আমাদের, টেস্ট ক্রিকেট হলো দুই ইনিংসের খেলা, এখনো অনেক খেলা বাকি আছে।'

আরো পড়ুন: