তৃতীয় দিনে বাংলাদেশের নায়ক মেহেদী হাসান মিরাজ। এদিন হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৬৫ রানের ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। এরপর বল হাতে স্টিভেন স্মিথের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে নিজেদের দাপট ধরে রাখতে অন্তত তিনটি উইকেট দ্রুত নিতে হবে এমনটাই মনে করছেন মিরাজ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা চাইব যত কম রান হয়, সেটা আমাদের জন্য ভালো। এখনও খেলার দুই দিন বাকি আছে। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তিনটি উইকেট নেওয়া। কারণ ওরা সবাই ভালো ব্যাটিং করে এবং উইকেটটা এখন যত দিন যাচ্ছে, তত ভালো হচ্ছে। তাই আমার কাছে মনে হয়, বেশি লক্ষ্য নিয়ে চিন্তা না করে ছোট ছোট ধাপে এগোনোর চেষ্টা করছি।'
ডারউইনের উইকেটে ব্যাটাররা যেমন সুবিধা পাচ্ছেন, বোলাররাও তেমন সুবিধা পাচ্ছেন। উইকেট তিন দিন পরেও ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। তাই ভালো জায়গায় বল ফেলার বিকল্প দেখছে না বাংলাদেশ। উইকেট নিতে কষ্ট করতে হচ্ছে বোলারদের এমনটাই জানিয়েছেন মিরাজ। বাংলাদেশ মূলত অস্ট্রেলিয়ার রান আটকে রাখার চেষ্টায় ছিল। সেই লক্ষ্যে অনেকটাই সফল হয়েছে বাংলাদেশ।
এ প্রসঙ্গে মিরাজ বলেন, 'এখন উইকেটটা এখনও ভালো আছে। আর আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না, আমরা চেষ্টা করছি ভালো জায়গায় বল করার জন্য। কারণ প্রত্যেকটা উইকেট নিতে গেলে কষ্ট করে বল করতে হবে। কারণ আমরা দেখছি যে উইকেটটা অতটা সহজ না।'
মিরাজ যোগ করেছেন, 'যে উইকেটগুলো আমরা পেয়েছি অনেক কষ্ট করেই নিতে হয়েছে। তাই আমরা চেষ্টা করছি রানটা যতটা আটকানো যায় এবং এই রানের মধ্যে যদি আরও তিন থেকে চারটা উইকেট নিতে পারি, তখন আমাদের জন্য সহজ হবে। হয়তো রানের লক্ষ্যও বেশি থাকবে না।'