গিলের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। বৃহস্পতিবার অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় আঘাত পান গিল। এক বিবৃতিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বিশ্রামে রাখা হয়েছে তাকে।
বিসিসিআইয়ের মেডিকেল দল গিলের চোটের বিষয়টি পর্যবেক্ষণে রাখবে। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে ভারত। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ আগস্ট গলে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ আগস্ট কলম্বোয়। টেস্ট সিরিজে গিলকে পেতে কোনো রকমের ঝুঁকি নিতে চায় না ভারতীয় ম্যানেজমেন্ট।
এক বিবৃতিতে বিসিসিআই বলেছে, ‘বৃহস্পতিবার ভারতের অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় আঘাত পেয়েছেন অধিনায়ক শুভমান গিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলায় তিনি মাঠে নামবেন না। বিসিসিআইয়ের মেডিকেল দল তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছে। গিলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।’
গিলের চোটের ঘটনা ঘটে বৃহস্পতিবার কলম্বোয় ভারতের অনুশীলনে। ব্যাটিং অনুশীলনের সময় বাঁহাতি পেসার গুরনুর ব্রারের বলে ডান হাতে আঘাত পান ভারতীয় অধিনায়ক। সঙ্গে সঙ্গে দলের ফিজিও তার চিকিৎসা করেন। এরপর আবার ব্যাটিংয়ে ফেরেন গিল। এরপর স্লিপ ক্যাচিং অনুশীলনের সময়ও ডান হাতে আরেকবার আঘাত পান গিল।
কঠিন একটি ক্যাচের সুযোগ বুঝতে ভুল করে বলটি তার হাতের আঙুলে আঘাত করে। এরপর আক্রান্ত আঙুলে বরফ দেওয়ার জন্য কিছু সময়ের জন্য মাঠ ছাড়েন তিনি। পরে অবশ্য অনুশীলনের বাকি অংশ শেষ করেন। প্রাথমিক পরীক্ষায় গুরুতর কোনো চোটের আশঙ্কা পাওয়া যায়নি। যদিও প্রথম টেস্ট শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি তাই সর্তক ভারত।