টেস্ট এবং ওয়ানডে দলকে শান্ত এবং টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন লিটন। তবে আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি হওয়ার পর তিন ফরম্যাটে তিন অধিনায়ক করার সিদ্ধান্ত নেন। যার ফলশ্রুতিতে ওয়ানডেতে শান্তকে সরিয়ে মিরাজের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়। তবে সভাপতি পরিবর্তন হওয়ার পর অধিনায়কত্বেও পরিবর্তন আসতে যাচ্ছে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সাদা ও লাল বলের জন্য আলাদা দুজন অধিনায়ক করার কথা ভাবছে বিসিবি। যেখানে টেস্টের জন্য একজন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আরেক অধিনায়ক থাকবেন। আগের মতোই টেস্ট দলের নেতৃত্ব থাকছেন শান্ত। তাকে ওয়ানডে অধিনায়ক বানানোর কথা ভাবা হলেও শেষ পর্যন্ত সেখান থেকে সরে এসেছে বোর্ড।
বিসিবির চাওয়া শান্ত সাদা পোশাকের ক্রিকেটেই পূর্ণ মনোযোগ রাখুক। টি-টোয়েন্টির নেতৃত্বও কোনো পরিবর্তন আসছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, ওয়ানডে দলের নেতৃত্ব হারাতে যাচ্ছেন মিরাজ। অফ স্পিন বোলিং অলরাউন্ডারের জায়গায় ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিটন।
বোর্ড সভায় প্রস্তাব তোলা হলে পরিচালকরা বিষয়টি নিয়ে আলোচনা করবেন। টি-টোয়েন্টির মতো ওয়ানডে দলেও সহ-অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন তাওহীদ হৃদয়। ডানহাতি ব্যাটারকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে বিবেচনা করছে বোর্ড। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন হৃদয়।