সুন্দরকে নিয়ে শঙ্কা, শ্রীলঙ্কায় খেলা হচ্ছে না হার্শিত-রেড্ডির

ভারতীয় ক্রিকেট
ওয়াশিংটন সুন্দর
ওয়াশিংটন সুন্দর
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল চূড়ান্ত করার আগে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সের (সিওই) সর্বশেষ ফিটনেস রিপোর্টের অপেক্ষায় রয়েছে ভারতের নির্বাচকরা। আগামী এক দুই দিনের মধ্যে ভারতীয় দলের নির্বাচকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই দল চূড়ান্ত হতে পারে।

দল নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ওয়াশিংটন সুন্দর, হার্শিত রানা, নিতীশ কুমার রেড্ডি, আকাশ দীপ ও অংশুল কাম্বোজ। তাদের সঙ্গে হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তীও বর্তমানে সিওইতে থাকলেও তারা শুধু সাদা বলের ক্রিকেটের পরিকল্পনায় থাকায় শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে বিবেচনায় নেই।

হ্যামস্ট্রিং চোটে ভোগা হার্শিত ও রেড্ডির দলে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ওয়াশিংটন সুন্দরকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। গৌতম গম্ভীর ও শুভমান গিলের অধীনে টিম ম্যানেজমেন্টের পছন্দের ক্রিকেটারদের একজন তিনি। শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে অফ স্পিনের পাশাপাশি ওপরের দিকে ব্যাট করার সামর্থ্যের কারণে ওয়াশিংটন দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন।

২৬ বছর বয়সী এই অলরাউন্ডার এখনও হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। দ্বিতীয় টেস্ট থেকে শর্তসাপেক্ষে তাকে দলে রাখার একটি সম্ভাবনা থাকলেও সেটিও খুব বেশি জোরালো নয় বলে জানা গেছে। এদিকে জাসপ্রিত বুমরাহও শিগগিরই সিওইতে যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে তাকে নিয়েও কিছুটা অনিশ্চয়তা থাকলেও এই সিরিজে তার খেলার সম্ভাবনাই বেশি। আইপিএলের পর খুব বেশি ক্রিকেট না খেলায় তাকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে শেষ ওয়ানডেতে বাঁ হাঁটুতে চোটের কারণে খেলতে পারেননি বুমরাহ। তবে সেই চোটকে গুরুতর মনে করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে রেড্ডিকে আপাতত শুধু সাদা বলের ক্রিকেটের পরিকল্পনায় রাখা হয়েছে বলে জানা গেছে। ফলে সেপ্টেম্বরে ভারতের সাদা বলের সিরিজ দিয়েই তার মাঠে ফেরার সম্ভাবনা বেশি।

আর লাল বলের ক্রিকেটে তিনি ফিরতে পারেন নভেম্বরে নিউজিল্যান্ড সফরে, যেখানে দুটি টেস্ট খেলার কথা রয়েছে ভারতের। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা দলের বেশির ভাগ ক্রিকেটারই শ্রীলঙ্কা সফরের দলে জায়গা ধরে রাখবেন বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে চণ্ডীগড়ে অনুষ্ঠিত আফগানিস্তান টেস্টে না খেলা রবীন্দ্র জাদেজাও দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন: