নাহিদ-শরিফুলের চোটে ইবাদতের ছুটি কমাল বিসিবি

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ইবাদত হোসেনের ফেসবুক পেজ থেকে নেওয়া
ইবাদত হোসেনের ফেসবুক পেজ থেকে নেওয়া
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
সাইড স্ট্রেইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। প্রথম টেস্টে শরিফুল ইসলামকেও পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এমন অবস্থায় ইবাদত হোসেনের ছুটি কমিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ডানহাতি এই পেসার। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন।

দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১ ও ৩ আগষ্ট দুই ভাগে অস্ট্রেলিয়া সফরের বিমান ধরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। ১৩ আগষ্ট ডারউইনে প্রথম এবং ২২ আগষ্ট থেকে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইবাদত।

সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ডানহাতি এই পেসার। তবে বিপদে পড়ে ইবাদতের ছুটি কমিয়েছে বিসিবি। ছুটি বাদ দিয়ে আগামী ২৯ জুলাই ঢাকায় ফিরবেন এবং জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন তিনি। সবকিছু ঠিক থাকলে টেস্ট দলের সদস্য হিসেবে অস্ট্রেলিয়ায় যাবেন ৩২ বছর বয়সী এই পেসার।

এক প্রকার বাধ্য হয়েই ইবাদতের ছুটি কমাতে হয়েছে বিসিবির। কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ। স্ক্যান করানো হলে সাইড স্ট্রেইনের গ্রেড টু চোট ধরা পড়ে। এমন অবস্থায় অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশের গতি তারকা।

আরেক পেসার শরিফুলও চোটের সঙ্গে লড়াই করছেন। হ্যামস্ট্রিংয়ের গ্রেড-ওয়ানের চোটে জিম্বাবুয়ে সফরের মাঝ পথেই দেশে ফেরেন বাঁহাতি এই পেসার। কয়েক দিনের বিশ্রাম শেষে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন তিনি। আগামী ১২ আগষ্টের দিকে ফিটনেস পরীক্ষা দেবেন ২৫ বছর বয়সী এই পেসার। যার ফলে প্রথম টেস্টে অনেকটা অনিশ্চিত তিনি।

ফিটনেস পরীক্ষায় উতরে যেতে পারলে দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে শরিফুলকে। পেসারদের এমন চোটে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তাসকিন আহমেদ। জাফনা কিংসের হয়ে খেলার কথা থাকলেও এলপিএলে যাননি তিনি। নাহিদ ও শরিফুলের চোটে পেস ইউনিটের গুরুদায়িত্ব নিতে হবে তাকে।

আরো পড়ুন: