আবারও বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

বিসিবি নির্বাচন
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে তামিম ইকবাল জয়ী হবেন সেটা অনুমেয়ই ছিল। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলরশিপ নেওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক নির্বাচিত হয়েছেন ক্যাটাগরি-দুই থেকে। যেখানে ৭৪ ভোটের মধ্যে তামিম পেয়েছেন ৭৩ ভোট। ৭ জুন পরিচালনা পর্ষদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি।

ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে নির্বাচন করেছিলেন ১৬ প্রার্থী। যেখানে তামিমের সঙ্গে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন ফাহিম সিন্‌হা, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মোঃ রফিকুল ইসলাম বাবু, প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ ও সাকিব আহমেদ সালাম।

তামিমদের ক্যাটাগরি থেকে নির্বাচনে হেরে গেছেন মেজর ইমরোজ আহমেদ, ফায়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন। ক্যাটাগরি তিনের সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা থেকে প্রার্থী ছিলেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তবে বিপরীতে কেউ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন এই ক্রীড়া সংগঠক।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা অর্থাৎ ক্যাটাগরি-১ থেকে বেশিরভাগ পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন সাইদ বিন জামান, এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদ, মিনহাজুল আবেদীন নান্নু, মঈন উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, মীর শাকরুল আলম সীমান্ত এবং মির্জা ফয়সাল আমীন। বরিশাল বিভাগে একটি পদের জন্য নির্বাচন করেছেন দুজন।

যেখানে মুন্তাসির আলমকে হারিয়ে বিসিবি পরিচালক হয়েছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। খুলনা বিভাগে শান্তনু ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক করা হয়েছে শেখ মোহাম্মদ রহুল আমিন ও সরফরাজ আহমেদকে।

নির্বাচন শেষে আবারও বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম। সভাপতি পদের জন্য বাংলাদেশের সাবেক অধিনায়কের কোনো প্রতিপক্ষ ছিল না। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন তিনি। বিসিবির সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। জানা গেছে, আপাতত একজনই সহ-সভাপতির দায়িত্বে থাকবেন। পরবর্তীতে প্রয়োজন হলে আরও একজনকে যুক্ত করা হতে পারে। বিসিবির নতুন বোর্ডে কোনো নারী পরিচালক নেই।

আরো পড়ুন: