তিন ফরম্যাটেই ভারতের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা

ভারতীয় ক্রিকেট
স্মৃতি মান্ধানা
স্মৃতি মান্ধানা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মঙ্গলবার দুপুরে ভারতের নারী ক্রিকেট দলের সব সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হারমানপ্রীত কৌর। এদিনই রাতে তিন ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে স্মৃতি মান্ধানার নাম ঘোষোণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

দীর্ঘ সময় হারমানপ্রীতের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা মান্ধানা এর আগে ভারতকে চারটি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের অধিনায়কত্বের পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও নেতৃত্ব দিয়েছেন তিনি।

ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে মান্ধানার প্রথম দায়িত্ব হবে জিম্বাবুয়ে সফর। ১৬ অক্টোবর রায়পুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর দুই দল খেলবে ওয়ানডে সিরিজ। জিম্বাবুয়ে সিরিজের দল নির্বাচনের বৈঠকেও মঙ্গলবার উপস্থিত ছিলেন মান্ধানা।

এদিকে ২০১৬ সালে প্রথমবার ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পান হারমানপ্রীত। এরপর তার নেতৃত্বে বেশ কিছু ঐতিহাসিক সাফল্য পেয়েছে ভারত। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়ান গেমসে সোনা জয়ের মতো অর্জনও রয়েছে। সাম্প্রতিক সময়ে তার নেতৃত্ব ও ব্যাটিং নিয়ে অবশ্য সমালোচনা চলছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে হারমানপ্রীত লিখেছেন, ‘আজ আমি ভারতের নারী ক্রিকেট দলের সব সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এটি সহজ কোনো সিদ্ধান্ত নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বছরের পর বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন অনেক মুহূর্ত, যা সারা জীবন আমার সঙ্গে থাকবে।’

অধিনায়ক হিসেবে দলকে সবার আগে রাখতে গিয়ে অনেক সময় নিজের ব্যক্তিগত চাওয়া ও পারফরম্যান্সকে পেছনে রেখেছেন বলেও জানিয়েছেন হারমানপ্রীত। তিনি লিখেছেন, ‘আমি এই দল ও ভারতীয় নারী ক্রিকেটকে আমার সবকিছু দিয়েছি, আমার রক্ত, ঘাম, সময় এবং অনেক সময় নিজের খেলা ও ব্যক্তিগত আকাঙ্ক্ষারও একটা অংশ। কারণ আমি বিশ্বাস করতাম, দলের স্বার্থই সবার আগে।’

আরো পড়ুন: