কদিন পরেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ইংল্যান্ড-শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। দুটি সিরিজেরই স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। সেই সঙ্গে কোচিং স্টাফদেরও নাম ঘোষণা করেছে তারা।
সেখানেই টেইটের নাম রয়েছে পেস বোলিং কোচ হিসেবে। নফকি নেদারল্যান্ডস দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। এ কারণেই পাকিস্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। তবে টেইটের সঙ্গে কদিনের চুক্তি হয়েছে তা নিশ্চিত করে জানায়নি পিসিবি।
এর আগেও পাকিস্তানের পূর্ণকালীন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন টেইট। ফলে দলের পেস বোলিং কাঠামো সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। পাশাপাশি আফগানিস্তান দলের কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন টেইট। সেই সময় পারিবারিক কারণে টাইগারদের দায়িত্ব ছেড়েছিলেন তিনি চুক্তি শেষ হওয়ার আগেই। তাই টেইটের পাকিস্তানের কোচ হওয়া বাংলাদেশের জন্য অবাক হওয়ারই বিষয়।
এর আগে ২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক পাকিস্তান সফরের আগে তিনি প্রথমবার পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নেন। পাকিস্তানের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালের জানুয়ারির সিরিজ পর্যন্ত দায়িত্বে ছিলেন টেইট।
পিসিবির সঙ্গে তার এক বছরের চুক্তি ছিল। বোর্ডে সাংগঠনিক পরিবর্তনের পর সেই চুক্তি আর নবায়ন করা হয়নি। এরপর তিনি বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন তিনি।