সমালোচকদের কড়া জবাব দিলেন পিসিবি চেয়ারম্যান

পাকিস্তান ক্রিকেট
মহসিন নাকভি, ফাইল ফটো
মহসিন নাকভি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট সিরিজের মাঝপথে সাত ক্রিকেটার ও দুই কোচকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা ও ইমাম-উল-হকের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানো হয়। বদল আনা হয় প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলের দায়িত্বেও।

বোর্ডের এমন কঠোর সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সংশ্লিষ্ট অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে সমালোচনায় বিচলিত নন বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। বরং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদেরই পাল্টা আক্রমণ করেছেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে নাকভি বলেন, 'আমি কখনো সমালোচনাকে ভয় পাইনি, ভবিষ্যতেও পাব না।'

প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের সিদ্ধান্ত নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তাদের উদ্দেশে নাকভি জানান, পাকিস্তান ক্রিকেট নিয়ে উদ্বেগ থেকে নয়, বরং তার সঙ্গে ব্যক্তিগত সমস্যার কারণেই তারা সমালোচনা করছেন। এমনকি ওয়াসিম আকরামের মতো কোনো কিংবদন্তি এই সিদ্ধান্তের সমালোচনা করলে সেটিকে গুরুত্ব দিতেন বলেও জানান তিনি।

বোর্ডের ব্যাপক ছাঁটাইয়ের সমালোচকদের মধ্যে রয়েছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক রমিজ রাজা, সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ এবং পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থার। তবে তাদের সমালোচনায় নিজের অবস্থান থেকে সরে আসেননি নাকভি।

'আমি আসার পর পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে- যারা এমন কথা বলে, তারা আগে দেখুক তখন র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান কোথায় ছিল।'

নাকভির দাবি, তিনি দায়িত্ব নেওয়ার পর বিশেষ করে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে একদিনের ক্রিকেটে পঞ্চম ও টি-টোয়েন্টিতে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। তবে টেস্টে দলটির অবস্থান নেমে গেছে অষ্টমে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর।

আরো পড়ুন: