সাউথ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার অঘটন

ত্রিদেশীয় সিরিজ
নামিবিয়া দল
নামিবিয়া দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই বড় অঘটনের জন্ম দিয়েছে নামিবিয়া। ঘরের মাঠে সাউথ আফ্রিকাকে ১৮ রানে হারিয়েছে তারা। ফলে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডও ধরে রেখেছে নামিবিয়া। দুই দলের এখন পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচেই জয় পেয়েছে নামিবিয়া।

উইন্ডহকে শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬৩ রান করে নামিবিয়া। জবাবে ৮ উইকেটে ১৪৫ রানেই থেমে যায় সাউথ আফ্রিকার ইনিংস। ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে সাউথ আফ্রিকা। ৩৯ রানেই ৩ উইকেট হারায় তারা। এরপর চতুর্থ উইকেটে ডেওয়াল্ড ব্রেভিস ও রুবেন হারমান ৩৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ৯ বলে ১২ রান করে হারমান ফিরে গেলে আবারও চাপে পড়ে প্রোটিয়ারা।

এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ব্রেভিস। ৫০ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচে সাউথ আফ্রিকার আশা বাঁচিয়ে রেখেছিলেন তিনি। তবে শেষ দিকে প্রয়োজনীয় সমর্থন পাননি। অভিষেক হওয়া ডুয়ান জানসেন ১৭ বলে অপরাজিত ২৫ রান করে কিছুটা লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত দলকে জয়ের কাছে নিতে পারেননি।

সাউথ আফ্রিকার শেষ তিন ব্যাটারই ফিরেছেন শূন্য রানে। শেষ দুই বলে জোড়া উইকেট নিয়ে প্রোটিয়াদের ১৪৫ রানে আটকে দেন জেজে স্মিট। নামিবিয়ার হয়ে স্মিট ও রুবেন ট্রাম্পেলমান মিলে ৬ উইকেট নেন। এর আগে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল সাউথ আফ্রিকা। শুরুটা দুর্দান্ত করেন জান ফ্রাইলিঙ্ক ও লরেন স্টিনকেম্প। পাওয়ার প্লেতে দুজন মিলে ৫৭ রান তোলেন। উদ্বোধনী জুটিতে ৮৪ রান আসে ১০ ওভারের মধ্যেই।

ফ্রাইলিঙ্ক অবশ্য শুরুতেই একবার জীবন পেয়েছিলেন। ১৩ রানে তার ক্যাচ মিস করেন জর্ডান হারমান। সেই সুযোগ কাজে লাগিয়ে পরে তুলে নেন ফিফটি। ব্রেভিসের বলে ছক্কা মেরে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৮ বলে ৬০ রান করে আউট হন ফ্রাইলিঙ্ক। স্টিনকেম্পের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪১ রান। তবে ফ্রাইলিঙ্কের বিদায়ের পর দ্রুতই ছন্দ হারায় নামিবিয়া।

১১৬ রানে ১ উইকেট থেকে ১৩৩ রানে ৬ উইকেটে পরিণত হয় তারা। ২২ বলের মধ্যে ১৭ রান তুলতেই হারায় চার উইকেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৩ রানে থামে নামিবিয়ার ইনিংস। সাউথ আফ্রিকার হয়ে সবচেয়ে সফল বোলার প্রেনেলান সুব্রায়েন। ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। বিজর্ন ফরটুইন ও ডুয়ান জানসেন পেয়েছেন ২টি করে উইকেট।

একটি করে উইকেট নিয়েছেন ব্রেভিস ও এনকিউবানি মকোয়েনা। লুথো সিপামলা কোনো উইকেট পাননি; দ্বিতীয় ওভারের মাঝপথে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। সিরিজের সাত ম্যাচের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল নামিবিয়া। সাউথ আফ্রিকার সামনে এখন ঘুরে দাঁড়ানোর সুযোগ। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তারা।

আরো পড়ুন: