জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ, খবর ভারতীয় সংবাদমাধ্যমের

বাংলাদেশ-ভারত সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সব ঠিকঠাক থাকলে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আজ (২৮ আগষ্ট) বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে সরকারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ সফরে আসেননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আনুষ্ঠানিকভাবে না জানালেও আরও এক দফায় স্থগিত হয়েছে সিরিজটি।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আগামী জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ ও ভারতের সাদা বলের ক্রিকেটের সিরিজটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) না থাকায় সেই সময় ভারতকে আতিথ্য দিতে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে তারা।

বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে বলেন, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। বিসিবিও আগামী বছরের শুরুর দিকে সময় চেয়েছে।’

২০২৫ সালের আগষ্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ক্রশমই অবনতি হতে থাকে। সরকারের অনুমতি না পাওয়ায় ১৩ মাস পিছিয়ে সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। তবে সেপ্টেম্বরেও বাংলাদেশে আসছেন না কোহলি-রোহিতরা।

গত জানুয়ারিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল ভারত ও বাংলাদেশ সিরিজের ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। অথচ সিরিজই খেলতে আসছে না ভারত। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ায় দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্ক আরও অবনতি হয়। তবে সাম্প্রতিক সময়ে সেটা উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

গত আইসিসির সভার ফাঁকে বিসিসিআইয়ের কর্তাদের সঙ্গে সিরিজ নিয়ে আলাপ করেছেন তামিম ইকবাল। চলতি মাসের শুরুতে ভারত সফরও করেছেন বিসিবি সভাপতি। সেই সময় বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্স গুরে দেখেছেন তিনি। যদিও সেই সময় বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা সেটা জানা যায়নি। বিপিএল মানেই যেন একের পর এক বিতর্ক। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুর সঙ্গে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠে প্রায়শই।

এ ছাড়া তামিম জানিয়েছেন, গত দুই বিপিএলে বোর্ডের প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। এমন অবস্থায় নতুন মডেলে বিপিএল আয়োজন করতে সময় নিচ্ছে বিসিবি। যার অংশ হিসেবে আগামী জানুয়ারিতে বিপিএল করবে না তামিমের বোর্ড। এমন পরিস্থিতিতে জানুয়ারিতে বাংলাদেশের জন্য একটা উইন্ডো ফাঁকা হচ্ছে। সেই উইন্ডোতে ভারতকে আতিথ্য দিয়ে সময়টা কাজে লাগাতে চায় বিসিবি।

আরো পড়ুন: