পেশাদার ক্রিকেট থেকেও অবসরে যাচ্ছেন এলগার

ক্রিকেট সাউথ আফ্রিকা
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকার তৎকালীন লাল বলের কোচ শুকরি কনরাডের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় না থাকায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডিন এলগার। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার বছর দুয়েক পর পেশাদার ক্রিকেটও ছাড়তে যাচ্ছেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুম শেষে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাবেন সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক।

২০২৪ সালের জানুয়ারিতে কেপ টাউনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এলগার। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর সেই বছর থেকেই ইংল্যান্ডের কাউন্টি দলের সঙ্গে চুক্তিবদ্ধ হন সাবেক এই বাঁহাতি ওপেনার। গত তিন মৌসুমেই দলটির হয়ে খেলেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে অবদান রাখতে পারছেন না সাউথ আফ্রিকার এই ব্যাটার।

এসেক্সের হয়ে সবশেষ ১০ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি করতে পেরেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর পরিবারকে সময় দেওয়ার জন্য অবসরে যাচ্ছেন এলগার। বাঁহাতি এই ওপেনার নিশ্চিত করেছেন, মৌসুম শেষেই ব্যাট-প্যাড তুলে রাখবেন। এ প্রসঙ্গে এলগার বলেন, ‘আমার মনে হয়, এটাই আমার জন্য সঠিক সময়। আমার বয়স তো আর কমছে না, এখন ৩৯ বছর বয়স।’

‘বাড়িতে আমার দ্রুতই বেড়ে ওঠা একটা পরিবার আছে, যাদের সঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ। আমার বাড়িতে থাকা এবং আমার সঙ্গী ও সন্তানদের পাশে থাকার জন্য এটাই সঠিক সময়। এখন পর্যন্ত যাত্রাটা আমার জন্য খুবই ভালো ছিল। এখনো শেষ হয়নি কিন্তু মৌসুম শেষে আমি অবসর নেব।’

২১ বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে পাঁচশর বেশি ম্যাচ খেলেছেন এলগার। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ১২ বছরের ক্যারিয়ারে প্রোটিয়াদের হয়ে ৮৬ টেস্ট খেলেছেন ৩৯ বছর বয়সী সাবেক ওপেনার। ৩৭.৯২ গড় এবং ১৪ সেঞ্চুরিতে করেছেন ৫ হাজার ৩৪৭ রান।

২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারসেরা ১৯৯ রানের ইনিংস খেলেছিলেন এলগার। ২০২১ সালের মে মাসে সাউথ আফ্রিকা টেস্ট দলের নেতৃত্ব পেয়েছিলেন তিনি। অবসর নেওয়ার আগে প্রোটিয়াদের ১৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সাবেক এই ওপেনার। এলগারের নেতৃত্বে ৯ জয়ের বিপরীতে ৮টিতে হেরেছে সাউথ আফ্রিকা। একটি ম্যাচ ড্র হয়েছে। এলগারের অবসরের পর টেস্ট অধিনায়কের দায়িত্ব নেন টেম্বা বাভুমা।