চতুর্থ দিনের সকালের সেশনে ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে চোট পান চান্দিমাল। লোকেশ রাহুলের শট থামাতে মাঝমাঠ থেকে ডিপ স্কয়ার লেগের দিকে দৌড়ে যান তিনি। ঝাঁপিয়ে পড়ে বলটি থামিয়ে দুই রান বাঁচালেও মাটিতে পড়ার সময় তার শরীরের ওপরের অংশে চাপ পড়ে এবং তিনি উল্টে যান।
এরপর সীমানার বাইরে পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় চান্দিমালকে। সতীর্থ ও চিকিৎসকরা দ্রুত তার কাছে ছুটে যান। মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে চোটের কারণে আর মাঠে থাকা সম্ভব হয়নি তার।
সতীর্থদের সহায়তায় কোনোমতে পায়ে ভর দিয়ে মাঠ ছাড়েন চান্দিমাল। পরে তার বদলি হিসেবে মাঠে নামেন পাসিন্দু সূর্যবান্দারা। চোটের অবস্থা আরও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য পরে চান্দিমালকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চান্দিমালের ঘাড় ও কাঁধের এক্স রে পরীক্ষা করা হবে। পরীক্ষায় গুরুতর চোট ধরা পড়লে টেস্টের বাকি সময়ের জন্য তার বদলে মস্তিষ্কে আঘাতজনিত বদলি খেলোয়াড় নেয়ার সুযোগ পেতে পারে শ্রীলঙ্কা। দলে অতিরিক্ত উদ্বোধনী সারির ব্যাটার হিসেবে রয়েছেন সূর্যবান্দারা।
গল টেস্টে প্রথম ইনিংসে ভারত ৪৬২ রানে অলআউট হওয়ার পর শ্রীলঙ্কা থামে ২৮৪ রানে। চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির আগে ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১১৬ রান করেছে। এতে তাদের মোট লিড দাঁড়িয়েছে ২৯৪ রান। এই অবস্থায় চান্দিমালের চোট শ্রীলঙ্কার জন্য নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।