ভারতীয় ক্রিকেটের বড় দায়িত্বে আসতে যাচ্ছেন লক্ষ্মণ

ভারতীয় ক্রিকেট
ভিভিএস লক্ষ্মণ, ফাইল ফটো
ভিভিএস লক্ষ্মণ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতীয় ক্রিকেটে আরও বড় দায়িত্ব পেতে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সাবেক এই ব্যাটারকে এবার ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে দেখা যেতে পারে। সেপ্টেম্বরে বোর্ডের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে সম্ভাব্য রদবদরের অংশ হিসেবেই লক্ষ্মণকে নতুন দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বর্তমানে ভারতীয় ক্রিকেটে একাধিক গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা চলছে। সেপ্টেম্বরে অজিত আগারকারের প্রধান নির্বাচকের মেয়াদ শেষ হওয়ার কথা। একই সময়ে জাতীয় দলের কোচিং কাঠামো নিয়েও পর্যালোচনা চলছে। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটের সামগ্রিক কার্যক্রমে লক্ষ্মণের দায়িত্ব বাড়ানোর পরিকল্পনা করছে বিসিসিআই, এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

লক্ষ্মণের বর্তমান দায়িত্বের তুলনায় ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদের কাজ হবে পুরো ভারতের ক্রিকেটের দেখভাল করা। সেন্টার অব এক্সিলেন্সে তিনি মূলত খেলোয়াড়দের উন্নয়ন ও উচ্চমানের প্রশিক্ষণ কার্যক্রম দেখভাল করছেন। নতুন দায়িত্ব পেলে জাতীয় দল, নির্বাচক, কোচ, সেন্টার অব এক্সিলেন্স এবং বিভিন্ন বয়সভিত্তিক দলের মধ্যে সমন্বয়ের কাজ করতে পারেন তিনি।

এতে খেলোয়াড় খুঁজে বের করা, প্রতিভা উন্নয়ন, কোচদের প্রশিক্ষণ এবং জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আরও বড় ভূমিকা রাখার সুযোগ পাবেন লক্ষ্মণ। এর আগে ভারতের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে গৌতম গম্ভীর ও তার নিয়মিত কোচিং স্টাফদের বিশ্রাম দেওয়া হলে তরুণ ভারতীয় দলের দায়িত্ব নিয়ে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতিয়েছিলেন লক্ষ্মণ।

জিম্বাবুয়ে সফরের সেই সাফল্যের পর ভারতীয় দলের ভবিষ্যৎ কাঠামোয় লক্ষ্মণের ভূমিকা নিয়েও আলোচনা বেড়েছে। তবে তার মূল দায়িত্ব এখনো সেন্টার অব এক্সিলেন্সকেন্দ্রিক। ২০২৪ সালে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে ভারতের প্রধান কোচ হওয়ার সুযোগ থাকলেও সেই দায়িত্ব নেননি লক্ষ্মণ। এরপর সেন্টার অব এক্সিলেন্সের নেতৃত্বেই মনোযোগ দেন তিনি।

সেপ্টেম্বরে আগারকারের মেয়াদ শেষ হওয়ার সম্ভাবনার কারণে নির্বাচক কাঠামোও নতুন করে আলোচনায় এসেছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে থাকায় জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বাড়তি গুরুত্ব দিচ্ছে বিসিসিআই। যদিও আগারকারের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হতে পারে এমন খবরও রয়েছে।

আরো পড়ুন: