ফজলের বদলি শফিক, আগেভাগেই দলে যোগ দিচ্ছেন শাকিল

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ
সাউদ সাকিল ও আবদুল্লাহ শফিক, ফাইল ফটো
সাউদ সাকিল ও আবদুল্লাহ শফিক, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান দলে এসেছে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। ইনজুরিতে ছিটকে যাওয়া আবদুল্লাহ ফজলের জায়গায় ফিরছেন ওপেনার আবদুল্লাহ শফিক। একই সঙ্গে ইনজুরি কাটিয়ে প্রত্যাশিত সময়ের আগেই দলে যোগ দিচ্ছেন মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার সাউদ শাকিল। ওয়েস্ট ইন্ডিজ ও আসন্ন ইংল্যান্ড সফরের বাকি অংশে দুজনই পাকিস্তান দলের সাথে যুক্ত হবেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরের পর আর টেস্ট না খেলা শফিককে নেওয়া হয়েছে চোট পাওয়া ফজলের বদলি হিসেবে। ত্রিনিদাদে প্রথম টেস্ট শুরুর আগের দিন অনুশীলনের সময় পিঠে চোট পান ফজল। সেই চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দুই সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।

ফিটনেসজনিত কারণে শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের দলে ছিলেন না শাকিল। তবে পাকিস্তানের ক্রিকেট পরিচালক আকিব জাভেদ আগেই জানিয়েছিলেন, ইংল্যান্ড সফরে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই তাকে দলে নেওয়া হয়েছে। ফজলের অনুপস্থিতিতে মিডল অর্ডার আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

শনিবার (২৫ জুলাই) ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে শুরু হওয়া প্রথম টেস্টে পাকিস্তান খেলিয়েছে ছয়জন বিশেষজ্ঞ ব্যাটার। সাতজন বিশেষজ্ঞ ব্যাটার খেলানোর সাম্প্রতিক কৌশল থেকে সরে এসে অলরাউন্ডার আমের জামালকে সাত নম্বরে নামানো হয়েছে। তবে দ্বিতীয় টেস্ট ও ইংল্যান্ড সফরে শাকিলের অন্তর্ভুক্তি ব্যাটিং লাইনআপে বাড়তি শক্তি যোগ করবে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, শফিকের জন্য এটি হতে পারে টেস্ট ক্যারিয়ারের পুনর্জন্মের সুযোগ। ক্যারিয়ারের শুরুটা দারুণ হলেও সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেনি। প্রথম আট টেস্টে ৮৫৬ রান করে যেখানে তার গড় ছিল ৬৫-এর বেশি, সেখানে শফিক সর্বশেষ ৩১ ইনিংসে করেছেন মাত্র ৭৫৪ রান, গড় ২৫.১৩। আর শেষ ৯ ইনিংসে তার সংগ্রহ মাত্র ১৩৬ রান।

আরো পড়ুন: