শুধুমাত্র সূর্যবংশীর জন্য ‘এ’ দলের সিরিজ সরাসরি দেখাবে সনি নেটওয়ার্ক

ভারত ক্রিকেট
বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকেট বিস্ময় বৈভব সূর্যবংশীকে ঘিরে উন্মাদনা এখন আইপিএল ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। তাকে নিয়ে উন্মাদনার প্রভাব পড়েছে সম্প্রচার স্বত্ব ক্রয়েও। ভারত ‘এ’ দলে তার অন্তর্ভুক্তির পর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ভারত, আফগানিস্তান ও স্বাগতিকদের নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক ভার্মা হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ১৫ বছর বয়সী সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ে ৭৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরষ্কারসহ মোট পাঁচটি পুরষ্কার জেতা এই ব্যাটারের উপস্থিতি ত্রিদেশীয় সিরিজটির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ ।

আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য ওয়ানডে ত্রিদেশীয় সিরিজটি সম্প্রচার করবে সনি স্পোর্টস এবং সনি লিভ। শ্রীলঙ্কা ক্রিকেটের অফিসিয়াল সম্প্রচার অংশীদার হিসেবে সনি স্পোর্টস নেটওয়ার্কের কাছে শ্রীলঙ্কায় আয়োজিত ক্রিকেট ম্যাচ সম্প্রচারের স্বত্ব রয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন, পূর্ণাঙ্গ কাভারেজসহ সিরিজের সব ম্যাচ সরাসরি দেখানো হবে।

সম্প্রতি ক্রিকেটের বড় দুই আসর বিশ্বকাপ ও আইপিএল প্রতিদ্বন্দ্বী জিও হটস্টার প্ল্যাটফর্মে সম্প্রচার হওয়ায় সনি ক্রিকেট সম্প্রচার থেকে কিছুটা দূরে ছিল। ফলে ক্রিকেটবিশ্বে চলমান ‘সূর্যবংশী উন্মাদনা’কে কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করতে চায়নি তারা।

উল্লেখ্য, সনির কাছেই ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সিরিজের সম্প্রচার স্বত্ব রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সনি নেটওয়ার্ক এক পোস্টে লিখেছে, 'হাই-ভোল্টেজ ত্রিদেশীয় সিরিজ মাতাতে আসছে ‘সূর্যবংশী এক্সপ্রেস'।" ডাম্বুলায় অনুষ্ঠিত হবে এই ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ।

এদিকে, দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে সম্ভাব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যুক্ত হওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সম্ভাবনা বেশ উজ্জ্বল।

অন্যদিকে, সম্প্রতি বিসিসিআই জানিয়েছে , চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা সহ-অধিনায়ক রিয়ান পরাগের পরিবর্তে ভারত ‘এ’ দলে যুক্ত হবেন রুতুরাজ গায়কোয়াড়।

আরো পড়ুন: