টেস্ট ক্রিকেট বাঁচাতে পারে আইপিএলের মডেল: মোদি

বিশ্ব ক্রিকেট
ললিত মোদি
ললিত মোদি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি ক্রিকেট, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্থানের পর হুমকির মুখে টেস্ট ক্রিকেট। ওয়ানডে ক্রিকেটও এখন আগের মতো আর গুরুত্বপূর্ণ নয় দেশগুলোর কাছে। ভবিষ্যতে টেস্ট ক্রিকেটকে ওয়ানডের মতোই পরিণতি কিংবা সম্ভাব্য বিলুপ্তির হাত থেকে বাঁচাতে অভিনব এক টোটকা দিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্বপ্নদ্রষ্টা ও সাবেক চেয়ারম্যান ললিত মোদি। টেস্ট ক্রিকেটকে জৌলুস ফিরিয়ে দিতে আইপিএলের মডেল অনুসরণ করার পরামর্শ তার।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ম্যাচের অস্তিত্ব টিকিয়ে রাখতে নানান পদক্ষেপ নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করায় টেস্ট ক্রিকেট কিছুটা প্রাসঙ্গিকতা ফিরে পেলেও তা যথেষ্ট নয় বলেই মনে করেন মোদি। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা আরো বৃদ্ধির জন্য আইপিএলের মতো একটি বেসরকারি মালিকানাধীন বা ফ্র্যাঞ্চাইজি মডেল চালুসহ ওয়ানডে ক্রিকেটকে পুরোপুরি বিলুপ্ত করে দেবার প্রস্তাব এই ক্রিকেট সংগঠকের।

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের সঞ্চালনায় 'দ্যা ওভারল্যাপ ক্রিকেট' পডকাস্টে মোদি বলেন, 'আমি আশা করি টেস্ট ক্রিকেট টিকে থাকবে, কারণ আমি এই ফরম্যাটটি ভালোবাসি। ওয়ানডে এখন পুরোপুরি অপ্রাসঙ্গিক। এর কোনো মানে হয় না, মূলত কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে আরও ছোট ফরম্যাট চলে এসেছে। এখন আর বিষয়টা শুধু টাকার নয়; বরং দর্শকদের আগ্রহ ধরে রাখা সম্ভব কি না, সেটাই গুরুত্বপূর্ণ।'

টেস্ট ক্রিকেটের সম্ভাব্য বিলুপ্তির কথা প্রায়ই শোনা গেলেও এখনও ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে গ্যালারি ভর্তি দর্শক দেখতে পাওয়া যায়। এমনকি এই দুই দেশের ঘরোয়া ক্রিকেটেও এই ফরম্যাটের দর্শক চাহিদা এখনো অনেক। তবে এই দুটি দেশ দিয়ে টেস্ট ক্রিকেটের প্রাসঙ্গিকতা ধরে রাখা সম্ভব না বলে মনে করেন মোদি।

মোদি আরো যোগ করেন, 'এখন যে প্রজন্ম বড় হচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে তারা সত্যিকারের টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা পাচ্ছে না—অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া কোথাও না। এই দুটি দেশই আসলে টেস্ট ক্রিকেটের মান ধরে রেখেছে, অ্যাশেজ এবং ইংলিশ ঘরোয়া মৌসুমের কারণে। বিশ্বের বাকি জায়গায় টেস্ট ক্রিকেট ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মানুষ মনে করে আমি পাগল, কিন্তু আমি এই খেলাটাকে নিয়ে সত্যিই চিন্তিত।'

তিনি টেস্ট ম্যাচের দৈর্ঘ্য চারদিনে নামিয়ে আনার পরামর্শ দিয়ে বলেছেন, '২০০৭ সাল থেকেই আমি বলে আসছি, টেস্ট ম্যাচ চার দিনে নামিয়ে আনা উচিত এবং ডে-নাইট ফরম্যাটে খেলা উচিত, কারণ আজকের দিনে মানুষের পক্ষে চার দিন রোদে বসে খেলা দেখা সম্ভব নয়। আগের দিনগুলো ছিল অন্যরকম। তখন একটি টেলিভিশন চ্যানেল ছিল এবং টেস্ট ক্রিকেট খুব কমই হতো। এখন মিডিয়া এত সহজলভ্য যে বিশ্বের যেকোনো ম্যাচ এক ক্লিকেই দেখা যায়।'

ভারত আইপিএলের পর ফুটবল, কাবাডির মত খেলাগুলোতেও ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করে জনপ্রিয়তা ফিরিয়ে এনেছে। তাই আইপিএলের মালিকদের কাছে টেস্ট দলগুলোর দায়িত্ব দিয়ে দেবার প্রস্তাব মোদির। এই প্রস্তাবটি বিতর্কিত হলেও এর বিকল্প দেখছেন না তিনি।

আইপিএলের অন্যতম এই প্রতিষ্ঠাতা যোগ করেন, 'আমি একটা বিতর্কিত কথা বলব—টেস্ট ক্রিকেট টিকে থাকার একমাত্র উপায় হলো আইপিএল দলগুলোর টেস্ট দলগুলোর মালিকানা নেওয়া। এটা বলার জন্য হয়তো আমাকে সমালোচনার মুখে পড়তে হবে, কিন্তু এই প্রথম আমি প্রকাশ্যে বলছি। এতে তরুণ খেলোয়াড়রা আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—সমর্থকদের আগ্রহ তৈরি হবে।'

আরো পড়ুন: