‘বয়কট সার্কাসের’ প্রভাব পড়েছে পাকিস্তানের ওপর: ক্লার্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ
মাইকেল ক্লার্ক
মাইকেল ক্লার্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে আবারও নিজেদের আধিপত্য দেখিয়েছে ভারত। এই দুই দলের মধ্যে স্পষ্ট ব্যবধান তৈরি হয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে পাকিস্তানের কয়েকজন ক্রিকেটারের ক্যারিয়ারের শেষ সময় ঘনিয়ে এসেছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

পাকিস্তানের অনেক সিনিয়র ক্রিকেটারের এটাই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ মনে করেন ক্লার্ক। এরপর পাকিস্তান তাদের পিএসএল থেকে উঠে আসা তরুণ প্রতিভাদের দিকে তাকাবে বলে বিশ্বাস অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। তিনি হাজির হয়েছিল বিয়ন্ড ২৩ ক্রিকেট পডকাস্টে। সেখানেই পাকিস্তান দল নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

তিনি এ প্রসঙ্গে বলেন, 'আমার মনে হয় এখন দুই দলের মধ্যে পরিষ্কার একটা ব্যবধান আছে। অনেক দিন ধরেই ভারত এগিয়ে আছে এবং এই ব্যবধানটা বড়। পাকিস্তান কী করবে, সেটা বোঝা কঠিন। তাদের তালিকা দেখলে দেখা যাবে কয়েকজন সিনিয়র খেলোয়াড় ভালো পারফর্ম করেছে, কিন্তু টি–টোয়েন্টি ক্রিকেটের দৃষ্টিতে এটা হয়তো তাদের শেষ সুযোগ। তারা হয়তো পিএসএল এবং সেখান থেকে উঠে আসা তরুণ প্রতিভাদের দিকে তাকাবে।'

বাংলাদেশের প্রতি অবিচারের প্রতিবাদ হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। যদিও আইসিসির হস্তক্ষেপে শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসে। পাকিস্তানের এমন সিদ্ধান্তের প্রভাব খেলার মধ্যেও পড়েছে বলে ধারণা করছেন ক্লার্ক। এই ফরম্যাটে পাকিস্তানের চেয়ে ভারত অনেক ভালো দল সেটাও স্পষ্ট করে বলেছেন তিনি।

ক্লার্ক বলেন, 'ভারতই জয় পাবে এমনটাই ভেবেছিলাম। পাকিস্তান টুর্নামেন্ট খেলবে, কিন্তু ভারতের বিপক্ষে খেলবে না, এমন আলোচনা নিয়ে পরিস্থিতিটা অনেকটা সার্কাসের মতো হয়ে গিয়েছিল। খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে এটা সহায়ক নয়। তবে শেষ পর্যন্ত তারা ছাপিয়ে যেতে পারেনি। এই ফরম্যাটে ভারত পাকিস্তানের চেয়ে অনেক ভালো দল এবং বেশ কিছুদিন ধরেই তা প্রমাণ করে আসছে।'

পাকিস্তানের বিপক্ষে ৪০ বলে ৭৭ রানের দারুণ ইনিংস খেলে ভারতকে ১৭৫ রান ৭ উইকেটের সংগ্রহ এনে দেন ইশান কিশান। জবাবে পাকিস্তান অলআউট হয় ১১৪ রানে। ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন।

আরো পড়ুন: