৪ বল করেই মাঠ ছাড়লেন পাথিরানা

টি-টোয়েন্টি বিশ্বকাপ
মাথিশা পাথিরানা, এএফপি
মাথিশা পাথিরানা, এএফপি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি–টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাল্লেকেলেতে ম্যাচ খেলতে নেমে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে শ্রীলঙ্কা। দলটির তারকা পেসার মাথিশা পাথিরানা নিজের স্পেলের মাত্র চার বল করেই চোটের কারণে মাঠ ছেড়েছেন। ধারণা করা হচ্ছে লঙ্কান এই পেসার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন।

পাথিরানা নিজের প্রথম ওভারের চতুর্থ বলটি করার সময় ফলো থ্রুতে হঠাৎ থমকে যান। ম্যাচের সেটি ছিল তৃতীয় ওভার। বল ছোড়ার পরই বাম পা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অধিনায়ক দাসুন শানাকা বাকি দুই বল সম্পন্ন করেন। এরপর পুরো ইনিংসেই মাঠে ফিরতে পারেননি তিনি।

তাকে ছাড়াই বল করে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিয়েছে লঙ্কানরা। তবে শ্রীলঙ্কার সামনে ১৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে অজিরা। এখনও শ্রীলঙ্কা দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি। চোট গুরুতর হলে সেটি দলের জন্য বড় ধাক্কা হবে। গত কয়েক মাস বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেছেন লঙ্কান এই পেসার।

ধীরে ধীরে ফিরে পাচ্ছিলেন ছন্দ। নিশ্চিতভাবেই পাথিরানার চোট বড় ধাক্কা দিতে পারে শ্রীলঙ্কাকে। এরই মধ্যে চোটের কারণে টুর্নামেন্টের শুরুর দিকেই ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিশ্বকাপের শুরু থেকেই পাথিরানার ফিটনেস নিয়ে চিন্তিত ছিল লঙ্কান টিম ম্যানেজমেন্ট। চোট গুরুতর হলে আইপিএলেও তার খেলা নিয়ে বড় শঙ্কা তৈরি হতে পারে।

আগামী মাসেই ভারতে শুরু হবে আইপিএল। নিলাম থেকে তাকে ১৮ কোটি রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে দলটি ইতিমধ্যে আরেক ধাক্কা খেয়েছে। ৯ কোটি ২০ লাখ রুপিতে চুক্তিবদ্ধ মুস্তাফিজুর রহমানকে ছাড়তে বাধ্য হয়েছে তারা বিসিসিআইয়ের নির্দেশে। ফলে দুই পেস তারকাকে না পেলে নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্থ হবে আইপিএলের দুইবারের শিরোপা জয়ী দলটি।

আরো পড়ুন: