মাইনর লিগে প্রথম ম্যাচেই ব্যর্থ সাকিব

মাইনর লিগ ক্রিকেট
সাকিব আল হাসান, ফাইল ফটো
সাকিব আল হাসান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৩ রান করার পাশাপাশি বল হাতেও ছিলেন বেশ খরুচে। সাকিবের দল আটলান্টা ফায়ারও ৩৫ রানে হেরেছে অরল্যান্ডো গ্যালাক্সির বিপক্ষে।

চার্চ স্ট্রিট পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে অরল্যান্ডো। অধিনায়ক ত্যাগনারায়ণ চন্দরপলের দারুণ ব্যাটিংয়ে শুরু থেকেই বড় সংগ্রহের পথে এগোয় তারা। ৫৩ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৭৩ রান করেন চন্দরপল।

তাকে দারুণ সঙ্গ দেন কিয়েরন পাওয়েল। মাত্র ৩৬ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। দুই ব্যাটারের দাপটে নির্ধারিত ১৮ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে অরল্যান্ডো।

রান আটকানোর দায়িত্বে নেমে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। মাত্র এক ওভার বল করে ১৮ রান খরচ করেন তিনি। নিজের একমাত্র ওভারে দুটি চার ও একটি ছক্কা হজম করেন বাংলাদেশের সাবেক এই অলরাউন্ডার।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল আটলান্টা। অধিনায়ক স্টিফেন টেলর ১৬ বলে ৩০ রান করে দ্রুত রান তোলার চেষ্টা করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধীরে ধীরে চাপে পড়ে যায় দলটি।

ব্যাটিংয়ে নেমে সাকিবের কাছ থেকেও বড় ইনিংসের প্রত্যাশা ছিল। কিন্তু সেটিও পূরণ করতে পারেননি তিনি। আট বল খেলে মাত্র তিন রান করে সাজঘরে ফেরেন এই তারকা অলরাউন্ডার। তার বিদায়ের পর আটলান্টার জয়ের সম্ভাবনাও আরও ক্ষীণ হয়ে যায়।

আটলান্টার হয়ে নিতিশ সুধিনি করেন ২৭ রান। শেষদিকে পার্থ প্যাটেল ৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেললেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানেই থামে আটলান্টার ইনিংস।

আরো পড়ুন: