নাহিদকে পেতে চায় বিগ ব্যাশের ২ ফ্র্যাঞ্চাইজি, এনওসি নিয়ে শঙ্কা

বিগ ব্যাশ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নাহিদ রানাকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে বিগ ব্যাশের দুইটি ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশের তারকা পেসারের সঙ্গে কথাও হয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের। অস্ট্রেলিয়ার টুর্নামেন্টে দল পেলেও নাহিদ খেলতে পারার সম্ভাবনা ক্ষীণ। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার জন্য ডানহাতি পেসারকে অনাপত্তি পত্র (এনওসি) নাও দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।

গত কয়েক বছরে বাংলাদেশের পেস বোলিংয়ের তারকা হয়ে উঠেছেন নাহিদ। গতিময় বোলিংয়ে বিশ্ব জুড়ে সবার নজরে এসেছেন ডানহাতি পেসার। টেস্টের মতো ওয়ানডে-টি-টোয়েন্টিতেও ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। দেশের মাটিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সিরিজসেরা হয়েছেন। পরবর্তীতে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ওয়ানডেতে নিয়েছিলেন চার উইকেট।

এমন পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে নাহিদকে দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তবে চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হয়নি তার। আগামী আফগানিস্তান সিরিজ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরতে পারেন নাহিদ। চোট থেকে যখন সেরে উঠছেন তখনই ডানহাতি পেসারের সঙ্গে যোগাযোগ করেছে অ্যাডিলেড ও রেনেগেডস।

এমন খবরই জানিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে হতে যাওয়া বিগ ব্যাশে তাকে পেতে চায় ফ্র্যাঞ্চাইজি দুইটি। তবে তাকে এনওসি দেওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে ক্রিকবাজ। বিসিবির একটি সূত্র বলেন, ‘আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছি বিগ ব্যাশের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নাহিদকে পেতে চায়।’

‘কিন্তু আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তার কাছ থেকে এনওসির আবেদন পাইনি। সে যদি আবেদন করে তাহলে বোর্ড সিদ্ধান্ত নেবে নাহিদ এনওসি পাবে কিনা। কিন্তু আমাদের যে ধরনের আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে সেটার প্রেক্ষিতে তার এনওসি পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

সতর্কতার অংশ হিসেবে নাহিদকে এশিয়ান গেমসে পাঠাচ্ছে বাংলাদেশ। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে টাইগারদের। সেই সিরিজ দিয়েই ফিরতে পারেন তিনি। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। যেখানে সবমিলিয়ে চার টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি রয়েছে।

মাত্রই গ্রেড টু সাইড স্ট্রেইন থেকে সেরে উঠেছেন নাহিদ। এজন্য ডানহাতি পেসারের ফিটনেস এবং ওয়ার্কলোডে বাড়তি নজর রাখতে চায় তারা। সূত্রটি বলেন, ‘সে মাত্রই চোট কাটিয়ে উঠেছে এবং আমাদেরকে তার ফিটনেস এবং ওয়ার্কলোডের উপর নজর রাখতে হবে। সেটা আমাদের প্রায়োরিটিতে আছে।’

আরো পড়ুন: