গায়ানায় মিরাজের সঙ্গী পাকিস্তানের হারিস

সিপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ছাড়ছেন মোহাম্মদ নবি। আফগানিস্তানের অলরাউন্ডারের বদলি হিসেবে মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রহমানউল্লাহ গুরবাজের জায়গায় খেলবেন পাকিস্তানের মোহাম্মদ হারিস।

সিপিএলের চুক্তির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে খেলেননি নবি। তবে ১৩ সেপ্টেম্বর থেকে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তিনি। তারকা অলরাউন্ডার আফগানিস্তানের স্কোয়াডেও আছেন। দলে থাকায় সিপিএল ছেড়ে যেতে হচ্ছে তাকে।

কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) চ্যাম্পিয়ন হওয়া গায়ানা সিপিএলেও দারুণ ছন্দে রয়েছে। ইতোমধ্যে সেরা চারও নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দুইটি টুর্নামেন্টেই গায়ানার সাফল্যে বড় অবদান রেখেছেন নবি। ১১ ম্যাচের মধ্যে ১০টিতে জয় পেয়েছে তারা। সিপিএলের চলতি মৌসুমে ছয়ের কম ইকনোমি রেটে ৬ ইনিংসে ১২ উইকেট নিয়েছেন তিনি।

স্পিনারদের ভেতরে নবিই সবচেয়ে উইকেট নিয়েছেন। নবি চলে যাওয়ায় বাংলাদেশের মিরাজকে দলে নিয়েছে গায়ানা। বাংলাদেশের এশিয়ান গেমসের স্কোয়াডে না থাকায় সিপিএলের বাকি মৌসুমের পুরোটা খেলতে পারবেন তিনি। টুর্নামেন্টটি খেলতে ওয়েস্ট ইন্ডিজেও পৌঁছেছেন স্পিন বোলিং অলরাউন্ডার।

ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো সিপিএলে সুযোগ পেয়েছেন মিরাজ। ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স দলে নিলেও এখনো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অভিষেক হয়নি তার। ধারণা করা হচ্ছে, গায়ানারের পরের ম্যাচেই অভিষেক হতে পারে মিরাজের। গায়ানার হয়ে এখনো পর্যন্ত দুই ম্যাচে ৯৩ রান করেছেন গুরবাজ।

জ্যামাইকা কিংসম্যানের বিপক্ষে ৩৫ বলে ৫৪ এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ২৫ বলে ৩৯ রান করেছিলেন। ভারত সিরিজের জন্য গুরবাজও সিপিএল ছাড়ছেন। তার জায়গায় দলে ‍যুক্ত হচ্ছেন হারিস। পাকিস্তানের ব্যাটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির পুরনো সম্পর্ক রয়েছে। গত জুলাই-আগষ্টে জিএসএলে গায়ানার হয়ে খেলেছেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার।

গায়ানা চাইলে গুরবাজের জায়গায় নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে খেলাতে পারে। এমনকি শাই হোপকেও খেলানোর সুযোগ রয়েছে। গায়ানার স্থানীয় ব্যাটার ম্যাথু নান্দুও ব্যাকআপ ওপেনার হিসেবে আছেন। বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনে খেলাতে চাইলে নান্দুকে বিবেচনা করতে পারে তারা। আগামী ৯ সেপ্টেম্বর অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে খেলবে।

আরো পড়ুন: