সম্প্রতি ফ্লেমিংয়ের সঙ্গে চেন্নাইয়ের ১৮ বছরের সম্পর্কের অবসান হয়েছে। ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ায় চেন্নাই ছেড়েছেন তিনি। তার অধীনে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই। ফ্লেমিংয়ের জায়গায় বিদেশি কোচকেই অগ্রাধিকার দেওয়ার কথা শোনা গেলেও আলোচনায় আছে অ্যালবি মরকেল ও মাইক হাসির নামও।
ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস্টারকে হেইডেন বলেন, ‘ফ্লেমিং দুর্দান্ত কাজ করেছে। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তার জুটি চেন্নাইয়ের সাফল্যের অন্যতম বড় ভিত্তি ছিল। তাই নতুন কোচ বাছাইয়ের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’
দীনেশ কার্তিককে কেন উপযুক্ত মনে করছেন, সেটিও ব্যাখ্যা করেছেন হেইডেন। তিনি বলেন, ‘যে নামগুলো শোনা যাচ্ছে, তাদের মধ্যে দীনেশ কার্তিকও আছে। আমার মনে হয়, সে এখন এমন দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। আমার কাছে স্থানীয় একজন কোচ থাকা গুরুত্বপূর্ণ। অনেক ফ্র্যাঞ্চাইজি আন্তর্জাতিক কোচ বেছে নেয়, কিন্তু চেন্নাইয়ের মতো বড় দলের প্রধান কোচের মধ্যে চেন্নাইয়ের সঙ্গে একটা যোগ থাকা উচিত। সে কারণেই আমার মনে হয়েছে, দীনেশ এই দায়িত্বের জন্য আদর্শ।’
বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচিং সেটআপের সঙ্গে যুক্ত দীনেশ কার্তিক। দলটির ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে কাজ করছেন তিনি। তার সময়ে ২০২৫ ও ২০২৬ মৌসুমে টানা দুইবার আইপিএল শিরোপাও জিতেছে বেঙ্গালুরু।
তবে চেন্নাইয়ের প্রধান কোচ হওয়ার বিষয়ে দীনেশ কার্তিক এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো আগ্রহ দেখাননি। ফ্লেমিংয়ের উত্তরসূরি হিসেবে কাউকে নিয়োগের বিষয়েও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি চেন্নাই। ফলে হেইডেনের এই সমর্থন শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।