মাস দেড়েক আগে ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন পোলার্ড। তবে সেই অবস্থান বেশিদিন ধরে রাখতে পারেননি ক্যারিবীয় অলরাউন্ডার। ৪৯২ ইনিংসে বাটলারের রান এখন ১৪ হাজার ৮৩৩, যেখানে ৬৬৩ ইনিংসে পোলার্ডের সংগ্রহ ১৪ হাজার ৮০৩ রান।
রেকর্ড গড়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে বাটলার বলেন, 'আসলে ভাবতেই খুব ভালো লাগছে যে, টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান এখন আমার। অবশ্যই একদিন কেউ এটাকে ছাড়িয়ে যাবে এবং তার নাম সম্ভবত বৈভব সূর্যবংশী। কিন্তু এটা একটা গর্বের মুহূর্ত।'
পোলার্ডের প্রসঙ্গও টানেন বাটলার। তিনি বলেন, 'আমরা গত ম্যাচে তাদের বিপক্ষে খেলেছি এবং পোলার্ড যখন মাঠের বাইরে ছিলেন, তখন তাকে ছাড়িয়ে যেতে পারলে ভালো লাগত। এই তালিকায় অনেক অসাধারণ ক্রিকেটারের নাম আছে। তাই এই অর্জন নিয়ে আমি সত্যিই গর্বিত।'
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এখন বাটলারের পরই আছেন পোলার্ড। তৃতীয় স্থানে থাকা গেইল ৪৫৫ ইনিংসে করেছেন ১৪ হাজার ৫৬২ রান। দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন ক্যারিবীয় এই কিংবদন্তি।
বাটলার ও পোলার্ড দুজনই এখনও খেলছেন। ফলে সামনে রানের এই রেকর্ডে আরও পরিবর্তন আসতে পারে। তবে ৩৯ বছর বয়সী পোলার্ডের তুলনায় বয়সে ছোট বাটলারকে দীর্ঘ সময় শীর্ষে থাকার সম্ভাবনাই বেশি।