এলপিএলে ক্যান্ডি রয়্যালসের হয়ে খেলার কথা ছিল গুরবাজের। তবে ড্রাফটের পরই টুর্নামেন্ট থেকে সরে গেলেন তিনি। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগের সময় আফগানিস্তানে শুরু হবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপাগিজা। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেট খেলার প্রতি গুরুত্ব দিচ্ছে আফগানরা।
এমন পরিস্থিতিতে দেশের ঘরোয়া লিগ খেলতে বিদেশি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন গুরবাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। ডানহাতি এই ব্যাটার বলেন, ‘দুর্ভাগ্যক্রমে, আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শাপাগিজা ক্রিকেট লিগের প্রতি দায়বদ্ধতার কারণে এই মৌসুমে আমি ক্যান্ডি রয়্যালসের সঙ্গে যোগ দিতে পারছি না।’
ফ্র্যাঞ্চাইজি যাতে বিকল্প ক্রিকেটার নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পায় এজন্য ড্রাফটের পরপরই জানিয়ে দিয়েছেন গুরবাজ। আফগানিস্তানের ওপেনারের জন্য এমন ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। চলতি বছর পিএসএলেও দল পেয়েছিলেন তিনি। নিলামের আগে সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছিল পেশোয়ার জালমি।
যদিও শেষ পর্যন্ত তাদের হয়ে খেলেননি। গুঞ্জন আছে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রতিবাদে নিজেকে সরিয়ে নিয়েছিলেন গুরবাজ। তবে তিনি নিজে ও ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এমন কিছু খোলাসা করা হয়নি।