পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হায়দরাবাদের দেয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭ বলে ছয় চারে ৪৩ রানের ইনিংস খেলেন ওপেনিংয়ে নামা বাবর। অন্য প্রান্তের ব্যাটাররা যাওয়া আসার মধ্যে থাকলেও এক প্রান্তে দাড়িয়ে ছিলেন বাবর। ১৫ তম ওভারের শেষ বলে বাবর যখন আউট হন তখনো দল জয় থেকে ৩০ রান দূরে। উইকেটে থিতু হয়েও ম্যাচ শেষ করে না আসতে পারার এই দিকটি নিয়েই সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন বাবরকে।
বাবরকে উদ্দেশ্য করে এক সাংবাদিক বলেন, 'বিরাট কোহলি আপনার মতোই শট খেলে, কিন্তু সে ম্যাচ শেষ করতে পারে, যেটা আপনার মধ্যে কিছুটা ঘাটতি আছে বলে মনে হয়। মানুষ আপনাদের দুজনকে তুলনা করে। এই তুলনা নিয়ে আপনার মতামত কী?'
এমন প্রশ্নে কিছুটা ক্ষোভের সুরে বাবর উত্তর দেন, 'এই বিষয়গুলো এখানেই শেষ করুন। এসব কথা নিজের কাছেই রাখুন। তুলনা বন্ধ করে সামনে এগিয়ে যান। এটা আপনার ভুল ধারণা যে আমি ম্যাচ শেষ করতে পারিনি কিংবা পারি না।'
কোহলি সাথে বাবরের তুলনা চলে আসছে দীর্ঘ সময় আগে থেকে। বিশেষ করে ভারত- পাকিস্তান সমর্থকরা এই তুলনা বারবার সামনে নিয়ে আসেন। ২০১৮-২১ সময়কালে ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন বাবর। তখন ব্যাটারদের আইসিসি র্যাঙ্কিংয়েও কোহলিকে টক্কর দিতেন তিনি।
ধীরে ধীরে সেই ছন্দ হারিয়ে বাবর এখন সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তান দলেও অপরিহার্য নন। বিশেষ করে আধুনিক ক্রিকেটের সাথে বাবরের ব্যাটিং কতটা মানানসই সেই প্রশ্নও আসে বারবার। গড়পরতা টি-টোয়েন্টি বিশ্বকাপ কাটানোর পর সম্প্রতি বাদ পড়েছেন ওয়ানডে দল থেকেও।