আইপিএল খেলা সব শ্রীলঙ্কান ক্রিকেটারের স্বপ্ন: নিশাঙ্কা

আইপিএল
পাথুম নিশাঙ্কা, ফাইল ফটো
পাথুম নিশাঙ্কা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলকে শ্রীলঙ্কার ক্রিকেটারদের জন্য একটি বড় সুযোগ মনে করছেন দেশটির ওপেনার পাথুম নিশাঙ্কা। যারা এই মঞ্চে খেলার সুযোগ পান, তাদের সেটি কাজে লাগানো উচিত বলেই জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই ব্যাটার। দলে কিছু ক্রিকেটার চোটের কারণে না খেললেও যারা সুযোগ পাচ্ছেন, তাদের দায়িত্ব আরও বেশি বলে মনে করেন নিশাঙ্কা।

গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে দারুণ একটি ইনিংস খেলেন নিশাঙ্কা। ২৪ বলে ৪১ রান করেন তিনি, যেখানে ছিল ছয়টি চার ও একটি ছক্কা। শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে দলের ভিত গড়ে দেন এই ওপেনার।

ম্যাচ শেষে নিশাঙ্কা বলেন, 'প্রতিটি শ্রীলঙ্কান ক্রিকেটারের স্বপ্ন থাকে এই প্রতিযোগিতায় খেলার। কেউ যদি সুযোগ পায়, তাকে অবশ্যই ভালো খেলতে হবে। কয়েকজন ক্রিকেটার চোটের কারণে খেলছে না, কিন্তু আমরা সুযোগ পাচ্ছি, তাই আমাদের ভালো খেলতেই হবে।'

এই ম্যাচে আগে ব্যাট করে গুজরাট তোলে চার উইকেটে ২১০ রান। অধিনায়ক শুভমান গিল ৭০, ওয়াশিংটন সুন্দর ৫৫ এবং জস বাটলার ৫২ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন। জবাবে দিল্লির ব্যাটাররা লড়াই করলেও শেষ পর্যন্ত এক রানের ব্যবধানে হারে।

রান তাড়ায় নেমে নিশাঙ্কা ও লোকেশ রাহুলের জুটি ছিল দারুণ। দুজনে মিলে মাত্র আট ওভারে ৭৬ রান যোগ করেন, 'রাহুল আর আমি শুরুতেই আক্রমণ করার চেষ্টা করেছি, এটাই ছিল আমাদের পরিকল্পনা।'

তিনি আরও বলেন, 'সে তার অভিজ্ঞতা আমার সঙ্গে ভাগ করে নেয় এবং বিভিন্ন মাঠে কীভাবে খেলতে হয়, সে বিষয়ে পরামর্শ দেয়। আমি সব সময় নিজের ওপর বিশ্বাস রাখি এবং চেষ্টা করি সেরাটা দেওয়ার।'

এই হারের পর পয়েন্ট তালিকায় দিল্লি রয়েছে চতুর্থ স্থানে। অন্যদিকে গুজরাট একটি জয় নিয়ে অবস্থান করছে ষষ্ঠ স্থানে।

আরো পড়ুন: