দ্রুতই ‘বিপজ্জনক’ স্যামসনকে দেখার অপেক্ষায় ফ্লেমিং

আইপিএল
চেন্নাইয়ের অনুশীলনে সাঞ্জু স্যামসন
চেন্নাইয়ের অনুশীলনে সাঞ্জু স্যামসন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গিয়েছিল সাঞ্জু স্যামসন রূপকথা। টানা ৯৭ অপরাজিত, ৮৯ ও ৮৯ রানের ইনিংসে তিনি নিজেকে নতুনভাবে প্রমাণ করেছিলেন। স্যামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত। তবে বিশ্বকাপের সেই ব্যাটিং যেন আইপিএলে ভুলেই গেছেন স্যামসন। এখনও তার ব্যাট থেকে বড় কোনো ইনিংস দেখা যায়নি।

চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে করেন ৬ রান। এরপর পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে যথাক্রমে ৭ ও ৯ রান। মোট ১৯ বলে ২২ রান, দুটি চার ও একটি ছক্কা। স্যামসনের এমন ফর্ম ভোগাচ্ছে চেন্নাইকেও। তারা টানা তিন ম্যাচে হেরেছে।

এদিকে মহেন্দ্র সিং ধোনি না থাকায় উইকেটের পেছনেও বড় দায়িত্ব পালন করতে হচ্ছে স্যামসনকে। এক দশকের বেশি সময় ধরে আইপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও দীর্ঘদিন রাজস্থানে থাকার পর নতুন দলে মানিয়ে নেয়া সহজ হচ্ছে না স্যামসনের জন্য। এমনটাই মনে করেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।

তিনি স্যামসনের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘একটি দলে দীর্ঘদিন থাকার পর অন্য দলে মানিয়ে নেয়া কঠিন। সে হয়তো স্বচ্ছন্দ বোধ করছে, কিন্তু দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটি প্রক্রিয়া রয়েছে, যার মধ্য দিয়ে সে যাচ্ছে। সে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। রান করার জন্য এবং সিনিয়রদের সঙ্গে অবদান রাখতে সে মুখিয়ে আছে।'

সর্বশেষ বিশ্বকাপে শুরুর দিকে ভারতের একাদশেই জায়গা হয়নি স্যামসনের। এরপর অভিষেক শর্মার জায়গায় সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছিলেন স্যামসন। সেই সামর্থ্যের ওপরই ভরসা রাখতে চান ফ্লেমিং। তিনি আশাবাদী দ্রুতই ফর্মে ফিরবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ফ্লেমিং বলেন, 'টি-টোয়েন্টিতে এমনটা হতেই পারে। বিশ্বকাপে আমরা দেখেছি, একবার ছন্দ পেলে একজন ব্যাটার কী করতে পারে। সাঞ্জু এমন একজন, যে খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমরা তার প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা রাখছি, সে হলুদ জার্সিতে নিজের পথ তৈরি করছে।’

আরো পড়ুন: