এবারের পিএসএলে তিনি দলটির সেরা পেসার ছিলেন। পিন্ডিজের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে করাচি কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন নাসিম। এ কারণেই অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই তারকা পেসার।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে মেডিকেল স্টাফরা তার পুনর্বাসন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আশা করা হচ্ছে, পুনর্বাসন ও ফিটনেস ক্লিয়ারেন্সের পর টুর্নামেন্টের শেষ দিকে নাসিম শাহ আবার মাঠে ফিরতে পারবেন। এই কঠিন সময়ে নাসিমের পাশে থাকতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
নাসিমের অবশ্য চলতি পিএসএলে শুরুটা ভালো হয়নি। করাচি কিংসের বিপক্ষে একটি উইকেট নেন তিনি, আর পিন্ডিজের হয়ে নিজের প্রথম ম্যাচে ৫১ রান খরচ করেও কোনো উইকেট পাননি। যদিও টুর্নামেন্টের শুরুতেই বড় এক বিতর্কে জড়ান এই পেসার। পিসিবি তার বিরুদ্ধে কেন্দ্রীয় চুক্তি ধারা ভঙ্গের অভিযোগ এনেছিল।
এই বিতর্কের সূত্রপাত হয় গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে, যেখানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি মরিয়াম নাওয়াজকে স্বাগত জানান এবং তাকে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী সব দলকে শুভকামনাও জানান। ভউদ্বোধনী ম্যাচের আগে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গেও মুখ্যমন্ত্রীর পরিচয় করিয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই নাসিম শাহর ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্ট ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে।পরে মুছে ফেলা সেই পোস্টটি ছিল পিসিবির একটি মিডিয়া পোস্টের কোট রিটুইট।
যেখানে চেয়ারম্যান নাকভিকে মরিয়াম নওয়াজকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। সেখানে লেখা ছিল, ‘লর্ডসে তাকে রানির মতো করে কেন দেখা হচ্ছে?’ পরে নাসিম শাহ জানান, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং এটি তার ব্যক্তিগত মন্তব্য নয়। এরপরও পিসিবি এই পেসারের ওপর ২ কোটি রুপি জরিমানা করে।