ওপেনিংয়ে নেমে কোথায় ছন্দ খুঁজে পেলেন, জানালেন ইমন

পিএসএল
পিএসএল
পিএসএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম দুই ম্যাচে চার নম্বরে ব্যাট করেছেন পারভেজ হোসেন ইমন। যদিও বল টেম্পারিং কান্ডে ফখর জামানের নিষেধাজ্ঞার কারণে তৃতীয় ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পান বাংলাদেশের এই ওপেনার। ওপেনিংয়ে সুযোগ পেয়েই করেন বাজিমাত। মুলতান সুলতান্সের বোলারদের ওপর ঝড় চালিয়ে মাত্র ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ইমন।

লাহোর কালান্দার্সকে এনে দিয়েছেন আসরের দ্বিতীয় জয়। মাথা ঠান্ডা রেখে বলের ধরণ অনুযায়ী খেলেই এই ম্যাচে সফল হয়েছেন বলে জানান এই ওপেনার। ‎পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়েই প্রথমবার কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন ইমন। এর আগে হায়দরাবাদ কিংসম্যান ও করাচি কিংসের বিপক্ষে দুই ম্যাচে করেন যথাক্রমে ১৪ ও ১২ রান।

বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে মুলতান সুলতান্সের বিপক্ষে ইমন-নাইমের ঝড়ে উড়ন্ত সূচনা পায় লাহোর। মাত্র ৩১ বলে ৮৬ রানের বিধ্বংসী জুটিতে লাহোরের ম্যাচ জয়ের ভিত গড়ে দেন মোহাম্মদ নাইম ও ইমন। প্রথম ওভারেই ২৬ রান তুলেছিলেন এই দুই ওপেনার। ইমন জানান, প্রথম ওভারের পাওয়া সেই ছন্দ ধরে রেখেই এগিয়ে যান তারা।

পিএসএলের ফেসবুক পেজে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ইমন বলেন, 'কন্ডিশন ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। আমি বলের গুনাগুণ বুঝে খেলার চেষ্টা করেছি। হ্যাঁ এটা (শুরুতে এক্সট্রা রান) ম্যাচের সুর তৈরি করে দিয়েছিল এবং আমরা শুধু সে অনুযায়ী খেলেছি। আমরা কেবল বল দেখার চেষ্টা করছিলাম এবং যখনই সুযোগ পেয়েছি, আমরা বলটিকে হিট করেছি।'

‎লাহোরের হয়ে এদিন ঝড়ের শুরুটা করেছিলেন পাকিস্তানি ওপেনার নাইম। ২৮ বলে ৬০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন তিনি। নাইমের সাথে ইনিংসের সূচনা করাটা বেশ উপভোগ করেছেন বলে জানান ইমন। শুরুতে কিছুটা দেখে শুনে খেললেও চতুর্থ ওভারেই খোলস ছেড়ে বের হয়ে আসেন ইমন। মোহাম্মদ নাওয়াজের এক ওভারেই তোলেন ১৯ রান।

পরের ওভারে ফয়সাল আকরামকে টানা তিন ছক্কা মেরে নিজের সামর্থ্যের জানান দেন তিনি। ১৯ বলে পাঁচটি ছক্কা ও দুটি চারে ৪৫ রান করে মোহাম্মদ ইসলাইলের বলে নাওয়াজের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইমন। ২৩৬.৮৪ স্ট্রাইকরেটের এই ইনিংস খেলে 'মোমেন্ট অফ দ্যা ম্যাচ' এবং 'সুপার পাওয়ার অফ দ্যা ম্যাচ'-এর খেতাব জেতেন এই ওপেনার।

‎ম্যাচ ১৩ ওভারে নেমে আসলেও নিজের পরিকল্পনায় কোনো পরিবর্তন করেননি ইমন। তিনি বলেন, 'আমরা জাস্ট খোলামনে খেলছিলাম এবং কেবল স্বাভাবিক খেলাটাই খেলেছি। আমরা শুধু সাধারণ ক্রিকেট খেলেছি এবং সেটুকুই (সাফল্য এনে দিয়েছে)।'

আরো পড়ুন: