প্রথমে ভুল বুঝলেও পন্টিংকে ‘সঠিক’ মানছেন অশ্বিন

আইপিএল
রিকি পন্টিং ও রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো
রিকি পন্টিং ও রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের কোচ হবার পর থেকেই বিদেশী ক্রিকেটার হিসেবে তার স্বদেশীদের বেশি প্রাধান্য দেবার আলোচনা ছিলো রিকি পন্টিংকে নিয়ে। অনেকেই বিষয়টিকে বাঁকা চোখেও দেখছিলেন। নতুন মৌসুমের প্রথম ম্যাচে আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইকে বাইরে রেখে অস্ট্রেলিয়ান পেসার জাভিয়ার বার্টলেটকে খেলানোয় স্বজনপ্রীতির গন্ধ পাচ্ছিলেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। তবে ম্যাচে শেষে বার্টলেটের পারফরম্যান্সের কারণে পন্টিংই ঠিক ছিলেন বলে মেনে নিয়েছেন অশ্বিন।

গত মৌসুমেই পাঞ্জাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পন্টিং। সেই আসরের নিলাম থেকেই বিদেশী ক্রিকেটারদের কোটায় অস্ট্রেলিয়ানদের প্রধান্য দিতে দেখা যায় এই কোচকে। মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডিদের নিয়েই বিদেশী ক্রিকেটারদের লাইনআপ সাজান পন্টিং। নিলামের পরপর এ বিষয় নিয়ে সমালোচনা হলেও গত আসরে দাপুটে পারফরম্যান্স দিয়ে সমালোচকদের মুখে কুলুপ এটে দেন এই অস্ট্রেলিয়ান কোচ। ফাইনালে হেরে গেলেও পুরো আসর জুড়েই দুর্দান্ত পারফর্ম করে পন্টিংয়ের পাঞ্জাব।

‎এবারের আসরের প্রথম ম্যাচেও পন্টিংয়ের একাদশের চার বিদেশীর কোটার তিনজনই ছিলেন অস্ট্রেলিয়ান। অলরাউন্ডার স্টইনিস, কুপার কনোলির সাথে ছিলেন পেসার বার্টর্লেটও। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের সেরা পাঁচে থাকা ওমরজাইকে থাকতে হয় একাদশের বাইরেই। স্টইনিসের একাদশে জায়গা নিয়ে তেমন প্রশ্ন না থাকলেও বাকি দুইজনের একজনের বদলে ওমরজাইকে খেলানো যেত কিনা সেকথা ভাবছিলেন অশ্বিনও।

তিন নম্বরে নেমে ৪৪ বলে পাঁচটি করে চার ও ছক্কায় ৭২ রানের ইনিংস খেলে পাঞ্জাবের জয়ের নায়ক ছিলেন কোনোলি। অন্যদিকে বল হাতে উইকেট না পেলেও নয় নম্বরে নামা বার্টলেটের পাঁচ বলে ১১ রানের ইনিংসও পাঞ্জাবের ম্যাচ জয়ে ছিলো দারুণ গুরুত্বপূর্ণ। ম্যাচের শুরুতে তাই একাদশ থেকে অবাক হলেও ম্যাচ শেষে পন্টিংয়ের দর্শনের প্রশংসা করেন অশ্বিন।

‎নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 'ম্যাচ শুরুর আগে আমার মনে হয়েছিল ওমরজাইয়ের খেলা উচিত ছিল। আরে ভাই, বার্টলেট কেন খেলছে? কিন্তু যেভাবে বার্টলেট বোলিং ও ব্যাটিং করেছে, তাতে পন্টিং আবারও প্রমাণ করলেন যে সব বিদেশি কোটা অস্ট্রেলিয়ানদের দিয়ে তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।'

‎এবারের আইপিএলেই পাঞ্জাবে যোগ দিয়েছেন কনোলি। গত আসরের একঝাক অস্ট্রেলিয়ানের সাথে নতুন করে কনোলিকে কেনায় অনেকেই পন্টিংয়ের কোচিং দর্শনের সমালোচনাও করছিলেন। কিন্তু মৌসুমের প্রথম ম্যাচেই পন্টিংয়ের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে দিয়েছেন কনোলি। অশ্বিনের কন্ঠেও তাই প্রশংসা ঝড়লো এই অজি ক্রিকেটারকে নিয়ে।

অশ্বিন যোগ করেন, 'এটা তার আইপিএলে প্রথম ম্যাচ, যা মোটেও সহজ নয়। ছেলেটা অস্ট্রেলিয়া থেকে এসেছে, ভারতে আগে কখনও ক্রিকেট খেলেনি। এটা বাউন্সি ধরনের উইকেট ছিল না, বরং স্কিডি উইকেট ছিল। তবুও সে নিজেকে মানিয়ে নিয়ে দারুণ একটি ইনিংস খেলেছে। শেষের দিকে অনেক চাপ ছিল। তারপরও সে নিজেকে সামলে রেখে খুব ভালোভাবে ম্যাচ শেষ করেছে। তার বয়স মাত্র ২২ বছর, সে বিগ ব্যাশে এত ভালো পারফর্ম করেছে যে সবার চোখ খুলে গেছে। সে টেস্ট সিরিজ খেলতেও ভারতে আসবে।'

আরো পড়ুন: