আকবরের ফিফটিতে বড় লিডের পথে রংপুর, চট্টগ্রামের হয়ে ইরফানের সেঞ্চুরি

এনসিএল
আকবর আলী ও ইরফান শুক্কুর
আকবর আলী ও ইরফান শুক্কুর
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দ্বিতীয় দিনে শাহাদাত হোসেন দিপু্র পর তৃতীয় দিনে ইরফান শুক্কুরের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৭৬ রানের বিশাল সংগ্রহ পায় চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেও সেই ছন্দ ধরে রাখতে না পারায় ইনিংস হারের শংকায় বরিশাল। ইফতেখার ইফতির ফিফটিতে ৪ উইকেটে ১৪৯ রান তুলেছে তারা, ইনিংস হার এড়াতে প্রয়োজন ১৪৫ রান। আরেক ম্যাচে ১২৭ রানের লিড নিয়ে খেলতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও আকবর আলীর ফিফটিতে বড় লিড নিয়ে ময়মসিংহের বিপক্ষে জয়ের পথে আছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর।

ব্যাটিং ব্যর্থতায় ইনিংস হারের পথে বরিশাল

৪ উইকেটে ৪৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে চট্টগ্রাম। তৃতীয় দিনের প্রথম ঘন্টাতেই ফিরে যান আগের দিনের সেঞ্চুরিয়ান শাহাদাত হোসেন দিপু। মইন খানের বলে স্টাম্পিংয়ের শিকার হবার আগে ১৫৭ বলে ৫ ছক্কা ও ৩ চারে ১০৯ রানের ইনিংস খেলেন এই ডানহাতি। এর আগে সেঞ্চুরি পূরণ করেন অধিনায়ক ইরফান শুক্কুর। ওয়ানডে গতিতে খেলে নিজের পঞ্চম প্রথম শ্রেণির সেঞ্চুরি তুলে নেন তিনি। দিপু আউট হবার পরের ওভারেই রুয়েল মিয়ার বলে লেগ বিফোর হয়ে ফেরেন তিনিও। দ্রুত দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম।

এই দুই সেঞ্চুরিয়ান আউট হবার পর খুব বেশি এগোয়নি চট্টগ্রামের ইনিংস। শেষ দিকে মোহাম্মদ রুবেল (৩৭) ছাড়া আর কেউ লড়াই করতে না পারায় ৯৭ রানে শেষ ৬ উইকেট হারায় তারা। অলআউট হয় ৫৭৬ রানে। বরিশালের হয়ে অভি আহমেদ নোবেল ৪ টি, মইন ৩ টি, রুয়েল ২ টি এবং ইফতেখার ইফতি একটি উইকেট নেন। ২৯৪ রান পিছিয়ে তজেকে খেলতে নামে বরিশাল।

বরিশালকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও ইফতি। ৯৪ রানের উদ্বোধনি জুটি গড়েন দুইজন। জাওয়াদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রুবেল। ১০৭ বলে ৫ চারে ৪১ রানের ইনিংস খেলেন জাওয়াদ। অন্যপ্রান্তে ইফতি তুলে নেন ফিফটি। ১৩৯ বলে ৭৪ রান করে আশরাফুল হাসানের বলে আউট হন এই ওপেনার। দিনের শেষ বেলায় দ্রুতই সালমান হোসেন ইমন ও মোহাম্মদ আবদুল্লাহর উইকেট হারিয়ে আবারও খেই হারায় তারা। ৪ উইকেটে ১৪৯ রান নিয়ে শেষ দিনে ইনিংস হারের শংকা নিয়ে খেলা শুরু করবে বরিশাল। ইনিংস হার এড়াতে এখনো তাদের প্রয়োজন ১৪৫ রান।

আকবরের পথে বড় জয়ের স্বপ্ন দেখছে রংপুর

আরেক ম্যাচে ফলো অনের শঙ্কা নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ময়মনসিংহ। তৃতীয় দিন সকালে ৬ উইকেটে ১৮৩ রানে দিন শুরু করে আবদুল মজিদ ও আবু হায়দার রনির ব্যাটে ফলো অন এড়ায় তারা। রনির ৫২ রানের সাথে শেষ দিকে রাকিবুল হাসান করেন ৩২ বলে ৩৫ রান। আর তাতেই প্রথম ইনিংসে ২৯৫ রানে অলআউট হয় ময়মনসিংহ। রংপুর প্রথম ইনিংসে লিড পায় ১২৭ রানের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৫০ রানের মধ্যেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মিম মোসাদ্দেক ও আরেক ওপেনার অনিক সরকারের উইকেট হারায় রংপুর। রিজান হোসেনের বলে বোল্ড হবার আগে মিম করেন ২০ রান। এরপর ইকবাল হোসেনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রনি। ৩৩ রান করেন ইকবাল। রংপুরের ইনিংস এগিয়ে নেবার দায়িত্ব কাধে তুলে নেন অধিনায়ক আকবর। প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের ২১ তম ফিফটি তুলে নেন রংপুর অধিনায়ক।

রাকিবুলের বলে আউট হবার আগে ৯৭ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া আলাউদ্দিন বাবু করেন ২৪ রান। ৬ উইকেটে ১৯৫ রান করে দিন শেষ করে রংপুর। এখন পর্যন্ত তাদের লিড ৩২২ রানের। ময়মনসিংহের হয়ে আসাদুল্লাহ হিল গালিব দুইটি এবং রনি, আজিজুল, রিজান ও রকিবুল একটি করে উইকেট নেন।

আরো পড়ুন: