প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন নাহিদকে আগামী ১০ অক্টোবর থেকে পাওয়া যাবে। এ ছাড়া সামনে বাংলাদেশের সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যস্ত সূচি রয়েছে। সেখানে নাহিদকে পেতে চায় বিসিবি। বিশেষ করে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মাটিতে এই পেসারকে কাজে লাগানোর কথা ভাবছেন নির্বাচকরা। বাশার আশাবাদী আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারবেন নাহিদ।
তিনি এক ভিডিও বার্তায় বলেন, 'নাহিদ রানা, অবশ্যই তাকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। নাহিদ রানাকে পাওয়া যাবে সামনের মাসের ১০ তারিখ থেকে। সেহেতু তিনি বাদ পড়ে গেছেন টেস্ট ম্যাচ থেকে। ১০ তারিখে তাকে পাওয়া যাবে। আপনারা জানেন আমরা প্রাধান্য দিচ্ছি টেস্টকে, আমাদের পরবর্তী পাঁচটি টেস্ট ম্যাচ।'
বাশার আরও যোগ করেন, 'আফগানিস্তান টেস্ট এবং পরবর্তী যে চারটা টেস্ট ম্যাচ আছে, এবং সাথে ইংল্যান্ডের সাথে ঘরের মাটিতে যে টেস্ট ম্যাচ আছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তো এই টেস্ট ম্যাচগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা প্রাধান্য দিচ্ছি যার জন্য নাহিদ রানাকে আসলে আমরা সেরা সম্ভাব্য সুযোগটা দিতে চাই, তিনি যেন সবগুলো ম্যাচ খেলতে পারেন।'
তাসকিনকে বিশ্রাম দেয়ার কারণ জানিয়ে বাশার আরও বলেন, 'তাসকিন আহমেদকেও আমরা এই টেস্ট ম্যাচটাতে বিশ্রাম দিয়েছি। অবশ্যই তাকেও আমরা আসলে—আমরা যেহেতু প্রাধান্য দিচ্ছি আমাদের যেগুলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট ম্যাচ সেটার দিকে, তো তাকে যেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচটাতে পুরোপুরিভাবে পাই, তার জন্য এই টেস্ট ম্যাচটাতে তাকেও রাখা হয়নি।'
টেস্ট দলে বড় চমক জাকের আলী অনিকের ফেরা। এই উইকেটরক্ষক ব্যাটার সাউথ আফ্রিকায় 'এ' দলের হয়ে খেলতে গিয়ে একটি ৯৪ রানের ইনিংস খেলেছেন তিনি। আর তাতেই নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। এ কারণে বাদ পড়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার অমিত হাসান। অবশ্য বাশার জানিয়েছেন ভবিষ্যতের পরিকল্পনাতে অমিত থাকছেন। তবে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকায় জাকেরের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন তারা।
বাশার বিষয়টি খোলাসা করে বলেন, 'যেহেতু আমাদের পরবর্তী টেস্ট ম্যাচগুলি আফগানিস্তান, বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট ম্যাচ যেগুলো আছে আপনার—ওয়েস্ট ইন্ডিজ, তারপর দক্ষিণ আফ্রিকা, তারপর ইংল্যান্ড; এগুলোতে আসলে আমাদের একটু অভিজ্ঞতারও খুব প্রয়োজন এবং প্রমাণিত খেলোয়াড়দেরও একটু বেশি প্রয়োজন। অমিত হাসান মাত্র শুরু করেছেন, তার অবশ্যই ভবিষ্যতে সুযোগ আসবে; কিন্তু এই টেস্ট ম্যাচগুলোতে আমরা আসলে একদম আমাদের যারা অভিজ্ঞ খেলোয়াড়, যারা আগে খেলেছেন, পারফর্ম করেছেন, তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করছি।'
আগামী ৯ থেকে ১৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে হবে একমাত্র টেস্টটি। তবে ম্যাচটি কোন ভেন্যুতে হবে সেটা এখনো নিশ্চিত করেছে আফগানিস্তান। টেস্ট শেষে অক্টোবরেই জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ।