১০৪ রানের লক্ষ্যটা বড় ছিল না। তবে ছোট লক্ষ্যও সংযুক্ত আরব আমিরাতের জন্য কঠিন করে তোলেন বাংলাদেশের বোলাররা। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। একপর্যায়ে ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আমিরাত।
প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার মারুফা আক্তার। ইশা রোহিতকে ফেরানোর পর পঞ্চম ওভারে সামিরা ধারনিধারকাকেও আউট করেন তিনি। রিনিন রাজিথাকে ফেরান রাবেয়া খান। তির্থা সতিশকে আউট করেন সুলতানা খাতুন। এরপর লাভন্য কেনিকে মাত্র ১ রানে ফিরিয়ে বাংলাদেশের জয়ের পথ আরও সহজ করে দেন নাহিদা আক্তার।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন হিনা হহচানদানি। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার রাবেয়া খান, ৩ উইকেট নিয়েছেন তিনি। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় শূন্য রানেই ফিরে যান দিলারা আক্তার। সোবহানা মোস্তারি করেন মাত্র ৩ রান। জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাট থেকে আসে ১৬ রান। তবে মিডল অর্ডারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার পরিস্থিতি সামাল দেন।
জ্যোতি ২৮ বলে ২৩ রান করেন। শারমিন ছিলেন আরও আক্রমণাত্মক, ৩১ বলে করেন ৩৮ রান। তাদের ব্যাটেই লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।শেষ দিকে নাহিদা আক্তার ১৬ ও রাবেয়া খান ৩ রানে অপরাজিত থেকে বাংলাদেশের ইনিংস ১০৩ রানে নিয়ে যান। ৩৪ রানের এই জয়ে গ্রুপ পর্ব শেষ করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী দল। বৃহস্পতিবারে সেমি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।