সাব্বির-রুবেলের জন্য জাতীয় দলের দরজা খোলা রাখছেন বাশার

বাংলাদেশ ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন মোহাম্মদ রুবেল। ঝড়ো ব্যাটিংয়ে নিজের পুরনো দিনের ঝলক দেখিয়েছেন সাব্বির রহমান। তবে তাদের দুজনের কেউই এশিয়ান গেমসের বাংলাদেশ দলে সুযোগ পাননি। হাবিবুল বাশার জানালেন, অস্ট্রেলিয়াতে ভালো খেলার পরও টুর্নামেন্টের নিয়মের কারণে সাব্বির ও রুবেলকে এশিয়ান গেমসের দলে নেওয়ার সুযোগ ছিল না। তবে ভবিষ্যতের জন্য তাদের দুজনকে বিবেচনা করছেন বাংলাদেশের প্রধান নির্বাচক।

২০২৩-২৪ মৌসুমে দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৩৭ উইকেট নিয়েছিলেন রুবেল। পরের বছর প্রথম বিভাগ ক্রিকেটে সর্বোচ্চ ৪৩ উইকেট নিয়ে আলোচনায় আসেন ডানহাতি রহস্যময় স্পিনার। পরবর্তীতে এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগের হয়ে দুর্দান্ত বোলিংয়ে জেতেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। নানান বৈচিত্র্যে ব্যাটারদের কঠিন পরীক্ষা নেওয়া রুবেল সুযোগ পান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।

ডিপিএলেও নিয়েছিলেন ২০ উইকেট। ঘরোয়া ক্রিকেটে এমন পারফরম্যান্সের মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি দলে সুযোগ মেলে রুবেলের। পরবর্তীতে একই দলের হয়ে টপ অ্যান্ড টি-টোয়েন্টিতেও যান তিনি। বাংলাদেশের পাশাপাশি টুর্নামেন্টের সেরা বোলারই ছিলেন ডানহাতি স্পিনার। ৭ ম্যাচে নিয়েছেন ২৩ উইকেট। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের জেইডেন লেনক্সের চেয়ে ১০ উইকেট বেশি নিয়েছেন রুবেল।

এমন পারফরম্যান্সের পরও এশিয়ান গেমসের বাংলাদেশ দলে সুযোগ মেলেনি ৩০ বছর বয়সী এই স্পিনারের। নিয়ম অনুযায়ী, প্রায় তিন মাসে ৩০ জনের দল দিতে হয় নির্বাচকদের। ওই সময় রুবেল আলোচনায় না থাকায় তাকে বিবেচনা করেননি তারা। এ প্রসঙ্গে বাশার বলেন, ‘এশিয়ান গেমসে রুবেলকে সুযোগ দেওয়ার সুযোগ ছিল না। কারণ এশিয়ান গেমসে যে ৩০ জনের দল দিতে হয় আমাদের, সেটা দিতে হয়েছে তিন মাস আগে।’

‘গেমসের কিছু নিয়মকানুন আছে।সেখানকার বাইরে পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না। এটা গেমসের নিয়ম। যখন আমরা দলটা দিয়েছি তখন আসলে রুবেলের পারফর্মেন্স অতটা উল্লেখযোগ্য ছিল না। বর্তমানে তিনি খুব ভালো করেছেন। মালয়েশিয়ায় ভালো বোলিং করেছেন, টপ-এন্ডে ভালো বোলিং করেছেন। অবশ্যই তিনি হয়তো ভবিষ্যৎ পরিকল্পনায় থাকবেন।’

বোলিংয়ে রুবেল যেমন বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন তেমনি ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাব্বির। একটা সময় জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা সাব্বির লম্বা সময় ধরেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেই। বিপিএলের মতো টুর্নামেন্ট খেললেও জাতীয় দলে ফিরতে পারছিলেন না তিনি। তবে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়ে প্রথমবার ফেরার পথ খুঁজে পেয়েছেন মারকুটে এই ব্যাটার।

যদিও মালয়েশিয়ার বিপক্ষে ভালো করতে পারেননি তিনি। তবে টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন সাব্বির। ৭ ম্যাচে ১২৪.৩২ স্ট্রাইক রেটে করেছেন ১৮৪ রান। এমন পারফরম্যান্সের পর রুবেলের মতো তিনিও এশিয়ান গেমসের দলে জায়গা পাননি। তিনিও একই কারণেই দলে সুযোগ পাননি।

বাশার বলেন, ‘সাব্বির কে নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ-এন্ডে ভালো ব্যাটিং করেছেন। সাব্বিরের সুযোগটা এখনো আসেনি।সামনে আমাদের অনেক খেলা আছে, পরিকল্পনায় সে আছে।রুবেলের মতো ও একেবারে চিন্তা ভাবনার বাইরে নয়, সাব্বিরও বাদ পড়েনি। ও অনেকদিন পর দলে কামব্যাক করেছে। ভবিষ্যতে কী হবে দেখা যাক।’

ভবিষ্যতে সাব্বিরের জন্য জাতীয় দলের দরজা খোলা রাখছেন বাশার। প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারলেই ফিরতে পারবেন তিনি। এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘সাব্বিরকে বসিয়ে না রেখে, লম্বা সময়ের পরিকল্পনা ভেবে ওকে এ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া। এবং সাব্বিরের সক্ষমতা আছে, ও প্রমাণ করতে পারবে নিজেকে। কন্ডিশন অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।’

আরো পড়ুন: