সাব্বির-আরিফুলের হাফ সেঞ্চুরির পর রিপন-রাকিবুলে বাংলাদেশের জয়

টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজ
ঝড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেছেন সাব্বির রহমান ও আরিফুল ইসলাম
ঝড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেছেন সাব্বির রহমান ও আরিফুল ইসলাম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আরিফুল ইসলামের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে সাব্বির রহমানের হাফ সেঞ্চুরিতে বড় পুঁজিই পায় বাংলাদেশ হাই পারফরম্যান্স। রান তাড়ায় শুরুটা ভালো হলেও নিউজিল্যান্ড ‘এ’ দলের লাগাম টেনে ধরেন রাকিবুল হাসান ও রিপন মণ্ডল। তাদের দুজনের কল্যাণে কিউইদের ১৫৮ রানে আটকে দিয়ে ২৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি। টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচে ইরফান শুক্কুরের দলের এটি চতুর্থ জয়।

রানতাড়ায় শুরুটা ভালো ছিল নিউজিল্যান্ডের। একটা সময় জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল তারা। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৬ রান তুললেও জিততে পারেনি কিউইরা। ইনিংসের প্রথমার্ধে ভালো করতে না পারলেও দ্বিতীয়ভাগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের বোলাররা। ২২ বলে ৩১ রান করা ম্যাট বোয়েলকে ফিরিয়ে জুটি ভাঙেন রাকিবুল হাসান।

একটু পর বেভন জ্যাকবসকেও ফেরান বাঁহাতি এই স্পিনার। ৩৩ বলে ৪৪ রানের ইনিংস খেলা ম্যাক্স চু এর উইকেটও নিয়েছেন রাকিবুল। এ ছাড়া তিনটি উইকেট পেয়েছেন পেসার রিপন মণ্ডল। ফলে ম্যাক্স ৪৪, কাটেনে ক্লার্ক ২৪, বোয়েল ৩১ ও শেষের দিকে ক্লার্কসন ২৫ রান করার পরও জিততে পারেনি নিউজিল্যান্ড। দ্রুত উইকেট হারিয়ে ৮ উইকেটে ১৫৮ রান করেছে কিউইরা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলেই ফেরেন জিসান আলম। ম্যাট ফিশারের লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন ডানহাতি ওপেনার। তিন বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। দ্বিতীয় উইকেটে অবশ্য জুটি গড়েন হাবিবুর রহমান সোহান ও আরিফুল।

পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে আউট হয়েছেন হাবিবুর। জশ ক্লার্কসনের বলে ছক্কা মারতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন তিনি। ২১ বলে ২৬ রান করেছেন বাংলাদেশের ওপেনার। চারে নেমে সুবিধা করতে পারেননি ইরফান শুক্কুর। বাংলাদেশের অধিনায়ক ৩ রানে আউট হয়েছেন। ৫১ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন আরিফুল ও সাব্বির।

তারা দুজনে মিলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। দারুণ ব্যাটিংয়ে ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেছেন আরিফুল। তবে সেঞ্চুরি পাওয়া হয়নি তার। ৪৮ বলে ৭১ রানের ইনিংস খেলে ডানহাতি ব্যাটার বোল্ড হয়েছেন জেইডেন লেনক্সের বলে। ৭ চারের সঙ্গে দুইটি ছক্কা মারেন আরিফুল। হাফ সেঞ্চুরি পেয়েছেন সাব্বিরও।

জেইক গিবসনের বলে ডাউন দ্য উইকেটে এসে দুই রান নিয়ে ২৭ বলে হাফ সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত সাব্বির অপরাজিত ছিলেন ৩৬ বলে ৬২ রানের ইনিংস খেলে। তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি শামীম হোসেন পাটোয়ারি। তবে সাব্বির ও আরিফুলের হাফ সেঞ্চুরিতে ১৮১ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে দুইটি উইকেট নিয়েছেন ফিশার।

আরো পড়ুন: