সাউথ আফ্রিকায় বাংলাদেশ ভালো লড়াই করবে, বিশ্বাস ডি ভিলিয়ার্সের

সাউথ আফ্রিকা-বাংলাদেশ সিরিজ
এবি ডি ভিলিয়ার্স ও নাজমুল হোসেন শান্ত, ফাইল ফটো
এবি ডি ভিলিয়ার্স ও নাজমুল হোসেন শান্ত, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকার মাটিতে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশের লড়াই করার সামর্থ্য আছে বলে মনে করেন দেশটির সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। কঠিন কন্ডিশনের কারণে সফরটি চ্যালেঞ্জিং হলেও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে বলে বিশ্বাস তার।

চলতি বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আত্মবিশ্বাস বাড়িয়েছে। ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হারলেও পুরো সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। সেই আত্মবিশ্বাস সাউথ আফ্রিকা সফরেও কাজে লাগবে বলে মনে করেন ডি ভিলিয়ার্স।

ডি ভিলিয়ার্স বলেন, 'আমার মনে হয়, সাউথ আফ্রিকায় বাংলাদেশ ভালো লড়াই করবে। বিশেষ করে ব্যাটারদের জন্য এটি বিশ্বের অন্যতম কঠিন জায়গা। বল পিচ করার পর শুধু সুইংই করে না, সিমও করে। খুব বেশি খেলোয়াড় এমন কন্ডিশনে অভ্যস্ত নয়। তাই এখানে ব্যাটিং করা সত্যিই কঠিন।'

সাউথ আফ্রিকার পেসারদের বিপক্ষে ব্যাটারদের সক্রিয় থাকার ওপরও জোর দিয়েছেন সাবেক এই ব্যাটসম্যান। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, 'আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এমন পরিস্থিতি সামলানোর কয়েকটি কৌশল ছিল। কখনো ক্রিজ ছেড়ে সামনে এগিয়ে খেলতাম, কখনো পুরোপুরি স্টাম্প ঢেকে রাখতাম। আবার কখনো স্টাম্প খোলা রাখতাম। পরিস্থিতি যেভাবে বুঝতাম, সেভাবেই সিদ্ধান্ত নিতাম।'

সিম মুভমেন্টের মতো কঠিন পরিস্থিতিতে শুধু টিকে থাকার চেষ্টা করলে সফল হওয়া কঠিন বলেও মনে করেন ডি ভিলিয়ার্স। তার ভাষায়, 'এ ধরনের সিম মুভমেন্টের কন্ডিশনে এভাবেই খেলতে হয়। শুধু স্টাম্প ঢেকে রেখে সারা দিন টিকে থাকার চেষ্টা করলে হবে না। আপনাকে সক্রিয় হতে হবে।'

নভেম্বরের মাঝামাঝি সাউথ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়নে। এরপর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

আরো পড়ুন: