বাংলাদেশ অস্ট্রেলিয়াকে একদম ‘ছাগল’ বানিয়ে ছেড়েছে: বাসিত আলী

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
বাংলাদেশ দল ও বাসিত আলী
বাংলাদেশ দল ও বাসিত আলী
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে হেরে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পেস দূর্গ বানিয়েছে অজিরা। ম্যাকাইতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ১৮ উইকেটের পতন হয়েছে। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে অল আউট হয়েছে মাত্র ৬৪ রানে। জবাবে খেলতে নেমে সবস্তিতে নেই অজিরাও।

তারা ১৬৫ রানে ৮ উইকেট হারিয়ে দিন শেষ করেছে। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তিনি মনে করেন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বাধ্য করেছে টসে জিতে আগে বোলিং নিতে। তারা সাউথ আফ্রিকা, ভারত বা নিউজিল্যান্ডের বিপক্ষেও এমন সিদ্ধান্ত সচরাচর নেয় না।

ইউটিউবে এক ভিডিওতে বাসিত বলেন, 'টসে জিতে যেসব দল আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়—গত টেস্টে যা দেখা গেছে—এবং তারা সব সময়ই তা করে; সামনে ইংল্যান্ড আসুক, দক্ষিণ আফ্রিকা আসুক কিংবা ভারত ও নিউজিল্যান্ড আসুক, টসে জিতে তারা ব্যাটিংই করে। সেই দলকেও বাংলাদেশ ভাবতে বাধ্য করেছে যে, ‘না ভাই, পিচে ঘাস আছে, আজ বোলিং করা যাক।’

বাংলাদেশের বিপক্ষে অজিদের বাহাদুরি টেকেনি বলেও মনে করেন তিনি। বাসিত যোগ করেন, 'আমার কাছে সবচেয়ে দারুণ বিষয় লেগেছে—অস্ট্রেলিয়াকে একদম ‘ছাগল’ বানিয়ে ছেড়েছে বাংলাদেশ। ছাগল বোঝেন তো? মানে টসে জিতেই বলল, ‘চলুন, আমরা বোলিং করি।’ এটা তো সবাই করে! তা ভাই, আপনাদের বাহাদুরি গেল কোথায়?'

বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই খেলছে অস্ট্রেলিয়া। দলে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সের মতো পেসার আছেন। তবে অজিদের সঙ্গে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ের পার্থক্য অনেক। বাংলাদেশ ছয় নম্বরে আর অস্ট্রেলিয়া শীর্ষে। ফলে বাংলাদেশকে ভয় পেয়েই অস্ট্রেলিয়া আগে বোলিং করেছে বলে দাবি বাসিতের।

তিনি যোগ করেন, 'মানছি স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্স বিশ্বসেরা বোলার, সঙ্গে নাথান লায়ন আছেন। কিন্তু বাংলাদেশ তো র‍্যাঙ্কিংয়ের অনেক নিচের দল, ছয় নম্বর দল। আপনারা এক নম্বর দল। সেই এক নম্বর দলকেই বাংলাদেশ বাধ্য করেছে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিতে!'

আরো পড়ুন: