মঙ্গলবার লাল বলের সিরিজ খেলতে দেশ ছেড়েছেন 'এ' দলের ক্রিকেটাররা। সাইফউদ্দিন এখনও অনুশীলন করছেন মিরপুরে সীমিত ওভারের সিরিজের জন্য। সামনে জাতীয় দলের পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে সাউথ আফ্রিকায়। পাশাপাশি আগামী বিশ্বকাপও হবে সেখানেই। ফলে 'এ' দলের হয়ে সিরিজ খেললেও জাতীয় দলের ভাবনা মাথায় থাকবে ক্রিকেটারদের। ব্যতিক্রম নন সাইফউদ্দিনও।
নিজের সেই লক্ষ্যের কথা জানিয়ে সাইফউদ্দিন বলেন, 'আমরা যারা সাদা বলের খেলোয়াড় আছি, নাজমুল ভাই (পেস বোলিং কোচ) ভাই আছেন আমাদের সঙ্গে। উনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করছি এবং কাজ করছি, ওই কন্ডিশনে কীভাবে ভালো করা যায়। যেহেতু, ২০২৭ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় হবে, সব মিলিয়ে আলোচনা করছি নিজের সেরাটা দেওয়ার এবং ফিট থাকার।'
উপমহাদেশের যেকোনো দলই সাউথ আফ্রিকায় গিয়ে কঠিন সময় পার করে। এই কন্ডিশনের চ্যালেঞ্জ জানা আছে সাইফউদ্দিনেরও। তিনি আশাবাদী কন্ডিশন দেখে নিজেকে প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় পাবেন তিনি। এই প্রত্যাশা নিয়ে সাইফউদ্দিন বলেন, 'সাউথ আফ্রিকার কন্ডিশন সহজ হবে না। যেহেতু, আমাদের ইমার্জিং দল সেখানে খেলছে এবং চারদিনের ম্যাচের দল আগে যাবে, কন্ডিশন দেখে নিজেকে প্রস্তুত করার আরও সময় পাবো।'
ওয়ানডেতে নিয়মিত না হলে ২০ ওভারের দলে নিয়মিতই বলা চলে সাইফউদ্দিনকে। তিনি জিম্বাবুয়েতে ৩ ম্যাচে ৫ উইকেট শিকার করেছিলেন। এই পারফরম্যান্সই বাড়তি তৃপ্তি দিচ্ছে এই অলরাউন্ডারকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে আরও উন্নতির বিকল্প নেই। পাশাপাশি নিজের ঘাটতিগুলোও খুঁজে বের করার চেষ্টা করছেন তিনি।
সাইফউদ্দিনের ভাষায়, 'ভালো খেলার তো বিকল্প নেই। যদি আমার সাম্প্রতিক ম্যাচগুলো দেখেন, আমি খুব একটা খারাপ করিনি। তবে ভালোর তো শেষ নেই, আরও ভালো করা যায়। সেই লক্ষ্যে কাজ করছি। এখন আমাদের ছুটি, তারপরও আমি ব্যক্তিগতভাবে এসে কাজ করছি। যতটুকু উন্নতি করা যায়। আমি জানি, আন্তর্জাতিক ক্রিকেটে আমার ঘাটতিগুলো কোথায়, সেগুলো নিয়ে বোলিং এবং ব্যাটিংয়ে কাজ করছি।'