ম্যাকগ্রার সামনে ফ্লেমিং বললেন, ‘হাসান ম্যাকগ্রার মতো বোলিং করেছে’

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
হাসান মাহমুদ, ফাইল ফটো
হাসান মাহমুদ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
একটি জয়ই যেন বদলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে অস্ট্রেলিয়ার আলোচনার ধরন। ডারউইন টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারানোর পর দেশটির সাবেক ক্রিকেটারদের আলোচনায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বিশেষ করে তানজিদ হাসান ও হাসান মাহমুদের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা।

ডেমিয়েন ফ্লেমিং, জেসন গিলেস্পি ও গ্লেন ম্যাকগ্রার আলোচনা অনুষ্ঠানেও উঠে এসেছে বাংলাদেশের ঐতিহাসিক জয়। সেখানে বাংলাদেশের দুই ক্রিকেটারের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে তাঁদের ব্যাটিং ও বোলিংয়ের বিভিন্ন দিক তুলে ধরেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে শতক করা তানজিদের ব্যাটিংয়ে বিশেষভাবে মুগ্ধ সাবেক পেসার জেসন গিলেস্পি। বাংলাদেশের ওপেনারের কৌশল, শট নির্বাচন ও রান নেওয়ার ধরন প্রশংসা পেয়েছে তার কাছে।

গিলেস্পি বলেন, ‘তানজিদের কৌশল দারুণ। ফুল লেংথের বলে সে সামনের পায়ে খেলেছে, খাটো বলে পেছনের পায়ে-মৌলিক কৌশল ঠিক রেখেই ব্যাটিং করেছে। অস্ট্রেলিয়ার বোলাররা যখন স্টাম্প থেকে অনেক বাইরে বল করেছে, সে ব্যাট চালিয়েছে। তানজিদ দারুণ ব্যাটিং করেছে, ভালোভাবে রান নিয়েছে। শতকটা তার প্রাপ্য ছিল।’

তানজিদ শতক করলেও ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন হাসান মাহমুদ। ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পাওয়া এই পেসার প্রথম ইনিংসে একাই নেন ৬ উইকেট। তাঁর বোলিংয়ে মুগ্ধ হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ডেমিয়েন ফ্লেমিং। হাসানের বোলিংয়ে তিনি খুঁজে পেয়েছেন গ্লেন ম্যাকগ্রার সঙ্গে মিল।

ম্যাকগ্রার সঙ্গে তুলনা টেনে তার সামনেই ফ্লেমিং বলেন, ‘হাসান মাহমুদ নিখুঁত জায়গায় বল করেছে। আমি জানি না তুমি এই দৃশ্য দেখেছ কি না, সে ম্যাকগ্রার মতো বোলিং করেছে। একটানা দারুণ বোলিং করেছে। ব্যাটারকে সামনে এসে খেলতে বাধ্য করেছে, আর বল ঠিক জায়গায় ফেলে সমস্যায় ফেলেছে।’

হাসানের বোলিং নিয়ে প্রশংসার পাশাপাশি বাংলাদেশের জয়কে বড় পরিসরেও দেখেছেন গ্লেন ম্যাকগ্রা। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় ফিরে এসেই বাংলাদেশের এমন জয়কে বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক ঘটনা হিসেবে দেখছেন তিনি।

ম্যাকগ্রা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে। দলটি সর্বশেষ অস্ট্রেলিয়ায় এসেছে ২৩ বছর আগে। অস্ট্রেলিয়া ২৩ বছর বাংলাদেশের সঙ্গে খেলেনি, কারণ তারা ভেবেছে বাংলাদেশ ভালো করতে পারবে না। এরপর তারা অস্ট্রেলিয়ায় এসে এভাবে পারফর্ম করল! বিশ্ব ক্রিকেটের জন্যই এটা ইতিবাচক দিক। বাংলাদেশ ম্যাকাইয়েও যদি এমন পারফরম্যান্স ধরে রাখতে পারে, তাদের জন্য দারুণ কিছু হবে।’

আগামী শনিবার ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট, যেখানে এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য থাকবে বাংলাদেশের।

আরো পড়ুন: