এখনও জয়ের ভাবনায় আছে অস্ট্রেলিয়া, জানালেন হ্যাজেলউড

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
জশ হ্যাজেলউড
জশ হ্যাজেলউড
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ডারউইন টেস্টের ভাগ্য অনেকটাই হেলে আছে বাংলাদেশের দিকে। ম্যাচের দুইদিন বাকি থাকলেও এই টেস্টে জিততে হলে অস্ট্রেলিয়াকে অভাবনীয় কিছুই করতে হবে। তবে এখনই জয়ের পরিকল্পনা থেকে সরে আসছে না অস্ট্রেলিয়া। অজি পেসার জশ হ্যাজেলউড জানিয়েছেন সেশন বাই সেশন ধরে এগোতে চান তারা।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে হ্যাজেলউড একাই নিয়েছেন ৬ উইকেট। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। তবে তার দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। হ্যাজেলউড মনে করেন আগে লিড নিশ্চিত করতে হবে। এরপর তারা চাপ দিতে পারবেন বাংলাদেশের ওপর।

এ প্রসঙ্গে এই অজি পেসার বলেন, 'সেশন ধরে ধরে, ঘণ্টা ধরে এগোতে হবে। যেভাবেই ভাগ করতে চান। আমরা এখনো প্রায় ৭০ রানে পিছিয়ে আছি, তাই তো? হ্যাঁ। প্রথমে সেই ঘাটতি পেরোতে হবে। আশা করি, তখনও আমাদের চারটি উইকেট থাকবে। এরপর চাপ তৈরি করা শুরু করতে পারব। উইকেট কেমন আচরণ করবে, সেটা নিশ্চিত নই। টেস্ট ক্রিকেটে আমারও খুব বেশি খেলা হয়নি। তবে উইকেটে একটু অসমান বাউন্সের লক্ষণ দেখা যাচ্ছে।'

অস্ট্রেলিয়ার লক্ষ্য চতুর্থ দিনের পুরোটাই ব্যাটিং করা। এরপর শেষ দিনে ১০ উইকেট নেয়ার সুযোগ থাকবে অজিদের। উইকেটের আচরণ এখনও খুব একটা বদলে যায়নি। তাই জয়ের বিকল্প ভাবছেন না হ্যাজেলউড। এদিকে ডারউইনের উইকেট এখনো ব্যাটারদের জন্য যথেষ্ট ভালো বলেই মনে করছেন হ্যাজেলউড। ব্যাটারদের নিজেদের শক্তি অনুযায়ী খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

হ্যাজেলউড বলেন, 'আমরা যদি আগামীকাল অনেকটা সময় ব্যাটিং করতে পারি, এমনকি পুরো দিনও, তাহলে শেষ দিনে ১০ উইকেট নেওয়ার সুযোগ থাকবেই, যদি উইকেটের আচরণে আরও ওঠানামা আসে। তাই জয় এখনো অবশ্যই আমাদের ভাবনায় আছে, আসলে সব সময়ই থাকে। সে লক্ষ্যেই আমরা যতটা সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করব।'

বাংলাদেশ খুব আঁটসাঁট বোলিং করেছে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি। হ্যাজেলউড বলেন, 'প্রত্যেক ব্যাটার নিজের শক্তির জায়গা বুঝে খেলে। যে যেভাবে স্বাচ্ছন্দ্য, সেভাবে ব্যাট করাই ভালো। পিচ এখনও ব্যাট করার জন্য ভালো। বাংলাদেশ নতুন বলে কিছু উইকেট তুলে নিয়েছে। তারা খুব টাইট বোলিং করেছে।'

আরো পড়ুন: