আফগানিস্তানকে ভারতের সবুজ সঙ্কেত, শঙ্কায় বাংলাদেশ সিরিজ

বাংলাদেশ-ভারত সিরিজ
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে ভারতের সীমিত ওভারের সিরিজ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েছে তারা।

এর ফলে সেপ্টেম্বরের শুরুর দিকে ভারতের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। সোমবার (১০ আগস্ট) নিজেদের বাণিজ্যিক অংশীদারদের কাছে পাঠানো এক চিঠিতে সিরিজের তারিখ ও ভেন্যু নিশ্চিত করেছে এসিবি। চিঠিতে বলা হয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে তিনটি টি-টোয়েন্টি। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা করেই তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান বোর্ড। এসিবির প্রধান নির্বাহী নসিব খান চিঠিতে লিখেছেন, ‘ইন্ডিয়া ট্যুর অব আফগানিস্তান ২০২৬’ ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সিরিজের তারিখ ও ভেন্যু বিসিসিআইয়ের সঙ্গে চূড়ান্ত ও সম্মত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এই ঘোষণার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের সঙ্গে ভারতের আসন্ন সিরিজে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতের বিপক্ষে ছয়টি সীমিত ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজের অন্তত একটি ম্যাচ সেই সময়সূচির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের জন্য হাতে এখন তিন সপ্তাহেরও কম সময়। ফলে শেষ মুহূর্তে কোনো সরকারি নির্দেশনা বা বিশেষ সিদ্ধান্ত না এলে ভারতের বাংলাদেশ সফর বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানের জন্য সিরিজটি ঐতিহাসিকও। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে আতিথ্য দেবে তারা।

সব মিলিয়ে আফগানিস্তানের সঙ্গে ভারতের সিরিজের সূচি যতই স্পষ্ট হচ্ছে, ততই ফিকে হয়ে আসছে বাংলাদেশের বিপক্ষে ভারতের সেপ্টেম্বর সফরের সম্ভাবনা। বিসিবির প্রস্তাবিত ১–১৩ সেপ্টেম্বরের সময়সীমার সঙ্গে আফগানিস্তান সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় এখন শেষ পর্যন্ত সরকারি পর্যায়ে কোনো নতুন সিদ্ধান্ত আসে কি না, সেটিই দেখার বিষয়।

আরো পড়ুন: